মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:৫৯ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২১:৩১ পিএম
লবণ পানি ঢুকিয়ে ধানক্ষেত নষ্টের অভিযোগ তুলেছেন কৃষকেরা। প্রবা ফটো
বাগেরহাটের মোংলায় প্রশাসনের
নিষেধাজ্ঞা অমান্য করে নোনা পানি ঢুকিয়ে ১০০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনার
বিচার ও ক্ষতিপূরণ চেয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ওই জমির ওপর মানববন্ধন করেছেন
কৃষকেরা। তারা বলছেন, উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়ার বালুর মোড় এলাকায় ধানের জমিতে
লবণ পানি ঢুকিয়েছেন পার্শ্ববর্তী চিংড়ি চাষের ব্যবসায়ীরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক
কৃষকেরা।
মানববন্ধনে কৃষকদের
পক্ষে সর্বানন্দ হালদার বলেন, ‘ধান চাষের জন্য ১৫ বৈশাখ পর্যন্ত চিংড়ির ঘের মালিকদের ঘেরে লবণ পানি তুলতে নিষেধ করেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। কিন্তু তারা সেই
নিষেধ অমান্য করে লবণ পানি ঢুকিয়ে আমাদের কষ্টের ফসল নষ্ট করে দিয়েছে। আর কিছু দিন
পর প্রায় ৪০ মণ ধান ঘরে তুলতে পারতাম।’
লবণ পানি ঢোকানোর কথা
শুনেছেন সংশ্লিষ্ট চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেনও। তিনি বলেন, ‘ওই জমিতে নাকি ধান হবে না তাই কিছু লোক মাছ চাষ করার জন্য এ কাজ করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে দেখি এ ব্যাপারে কী সমাধান করা যায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’