প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৭:৪১ পিএম
আপডেট : ১৪ মে ২০২৬ ২০:২২ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গবেষণায় সফল বিজ্ঞানীদের স্বর্ণপদকসহ বিভিন্নভাবে মূল্যায়নের ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেছেন, গবেষণাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যারা গবেষণার মাধ্যমে সফলতা অর্জন করবেন, তাদের পদোন্নতি ও মূল্যায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “গবেষণায় বরাদ্দ দিতে আমার কৃপণতা নেই বরং আরও উদার। আমাদের হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে। সেখানে ঘাস চাষে গুরুত্ব দিতে হবে। আমাদের আইল্যান্ড পড়ে আছে এখানে ঘাস চাষের ব্যবস্থা করতে হবে। গবেষণায় যারা ভালো করবে তাদেরকে স্বর্ণপদকসহ নানাভাবে মূল্যায়ন করতে হবে। আগামীতে গবেষণা কাজে বাজেট বাড়ানো হবে। আমরা গবেষণায় অর্থায়নে কৃপণতা করবো না”।
কৃষক অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, “লাল কার্পেট নয় আপনাদের গবেষণা আমাকে আনন্দিত করবে। আমাদের দেশে ১২ মাস ফসল ফলানোর পরও আমরা কেন গরীব? এজন্য আমাদের চিন্তা করতে হবে”।
তিনি বলেন, “আমরা নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশ আমাদের থেকে শাক-সবজি ও খাদ্যপণ্য রপ্তানির করতে আমন্ত্রণ জানাচ্ছে। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে উৎপাদন করবো”।
বিএলআরআইর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেনসহ অনেকে।