× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেঙে যাচ্ছে পুরনো সার সিন্ডিকেট

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৫:৫১ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ১৫:৫২ পিএম

ভেঙে যাচ্ছে পুরনো সার সিন্ডিকেট

দেশের সার খাতে দীর্ঘদিনের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে নতুন নীতিমালা কার্যকর করতে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়। এই মাধ্যমে ইউরিয়া ও নন ইউরিয়াÑ দুই ধরনের সারই একক ব্যবস্থাপনায় বরাদ্দ ও বিতরণ করা হবে। বিসিআইসি ও বিএডিসির আলাদা ডিলারশিপ আর থাকবে না। দীর্ঘদিনের সার সিন্ডিকেট ভাঙতে বিদ্যমান সরকার ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ সংশোধন করেছে। সম্প্রতি কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভায় নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আগামী বছরের জানুয়ারিতেই নতুন নীতিমালাটি কার্যকর হতে পারে। এ খবর জানাজানি হওয়ার পর মাঠে নেমেছে পুরনো প্রভাবশালী চক্র। তারা নানা কর্মসূচি ও চাপ প্রয়োগের মাধ্যমে নীতিমালার বাস্তবায়ন ধীর করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কৃষি সচিব ড. মুহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অন্তর্বর্তী সরকার সমন্বিত নীতিমালার মাধ্যমে ডিলার প্রক্রিয়াটাকে কৃষকবান্ধব করছে। এটি কার্যকর হলে কৃষক সরকার নির্ধারিত দামে সার পাবেন। সার বিক্রয়ের দায়ভার ডিলারের ওপর থাকবে, আমরা ডিলারকেই জবাবদিহিতার আওতায় আনব। এই নীতিমালা কার্যকর হলে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। ভর্তুকির অপব্যবহার কমবে এবং দীর্ঘদিনের প্রভাবশালী সিন্ডিকেটের আধিপত্য ভাঙবে।


একক ব্যবস্থাপনায় সার বিতরণ

নতুন নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে তিনটি, পৌরসভায় একটি এবং সিটি করপোরেশনে প্রয়োজন অনুযায়ী ডিলার ইউনিট থাকবে। কোনো ডিলারশিপ খালি হলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা একই পরিবারের একাধিক সদস্য ডিলার হতে পারবেন না। জেলা সার ও বীজ তদারকি কমিটি ডিলারদের প্রস্তাব যাচাই করবে, আর জেলা কমিটি দেবে চূড়ান্ত অনুমোদন। আগে ডিলারশিপের জামানত ছিল দুই লাখ টাকা, নতুন নীতিমালায় তা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। প্রতি বছর ১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে নবায়ন করতে হবে জেলা প্রশাসকের কাছে, ফি এক হাজার টাকা। নির্ধারিত সময় পেরিয়ে গেলে ডিলারশিপ সাময়িকভাবে স্থগিত হবে।


তৎপর পুরনো সিন্ডিকেট

বছরের পর বছর সার পরিবহন থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করত কয়েকটি প্রভাবশালী চক্র। নতুন নীতিমালার মূল লক্ষ্য সেই একচেটিয়া আধিপত্য ভাঙা। তবে নীতিমালা কার্যকর হওয়ার আগেই পুরনো সিন্ডিকেট মাঠে নেমেছে। তারা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ব্যানারে বিভিন্ন সভা-সমাবেশ করে নীতিমালা ধীরে বাস্তবায়নের দাবি তুলেছে। অভিযোগ রয়েছে, এই চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সাবেক সংসদ সদস্য ও পোটন ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল আশরাফ খান পোটনের। তিনি দীর্ঘদিন ধরে বিএফএর সভাপতি ছিলেন। নীতিমালা বাস্তবায়ন ঠেকাতে তার প্রভাববলয়ভুক্ত কিছু ব্যবসায়ী সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার যুগ্ম সচিব মো. খোরশেদ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নীতিমালাটি সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির তিনটি সভার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি সভায় বিএফএর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সব জেলা কমিটিতেও তাদের দুজন প্রতিনিধি রয়েছেন। মতামতের ভিত্তিতেই নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সভায় বিএফএর প্রশাসক ও নির্বাহী সচিব উপস্থিত ছিলেন। ওই সভায় ডিলারদের কমিশন বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।


স্বচ্ছতা ও কৃষকবান্ধব ব্যবস্থা

নীতিমালা অনুযায়ী, প্রতিটি ডিলারের অধীনে তিনটি বিক্রয়কেন্দ্র থাকবে, একটি মূল গুদাম এবং বাকি দুটি ওয়ার্ডের সুবিধাজনক স্থানে। প্রতিটি কেন্দ্রে সারের নাম, বিক্রয়মূল্য ও সরকারি ভর্তুকির পরিমাণ উল্লেখ করে সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক। বিক্রয়, উত্তোলন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সব তথ্য ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করতে হবে। এক উপজেলার বরাদ্দকৃত সার অন্য উপজেলায় বিক্রি বা হস্তান্তর করা যাবে না। যদি কোনো ডিলার ব্যবসা চালাতে না চান, তবে উপজেলা কৃষি অফিসে আবেদন করে ডিলারশিপ সমর্পণ করতে পারবেন। তবে তা একবারের জন্যই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা