× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নন-ইউরিয়া সার

বেসরকারি পর্যায়ে ফের আমদানির সুযোগ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৩:৫৮ পিএম

বেসরকারি পর্যায়ে ফের আমদানির সুযোগ

কৃষি উৎপাদনে সারের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে ফের বেসরকারি পর্যায়ে নন-ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে টিএসপি, ডিএপি, এমওপি ও এমএপি সার আমদানির জন্য বেসরকারি আমদানিকারকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ভর্তুকির আওতায় মোট ১.১০ লাখ টন টিএসপি, ১.৬৫ লাখ টন ডিএপি, ১.৬০ লাখ টন এমওপি এবং ০.২০ লাখ টন এমএপি সার বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে সংগ্রহ করা হবে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজন ও বাস্তবতার নিরিখে পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।

আমদানি করা সার অবশ্যই ৩০ অক্টোবরের মধ্যে জাহাজীকরণ করতে হবে

ফোর্স ম্যাজুর (দৈব দুর্ঘটনা) ছাড়া অন্য কোনো কারণে জাহাজীকরণের সময় বাড়ানো হলে মন্ত্রণালয় জরিমানা আরোপের অধিকার সংরক্ষণ করবে। বেসরকারি পর্যায়ে আমদানিকৃত সার চারটি প্রধান মোকামে সংরক্ষণের বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম মোকামে ৩ শতাংশ, নারায়ণগঞ্জ মোকামে ৩০ শতাংশ, নগরবাড়ী মোকামে ৩৫ শতাংশ এবং নোয়াপাড়া মোকামে ৩২ শতাংশ প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের মোট আমদানি করা সারের নির্ধারিত অংশ উল্লিখিত অনুপাতে এসব মোকামে সংরক্ষণ করতে হবে।

শৃঙ্খলা ভঙ্গে কঠোর ব্যবস্থা

ডিলার পর্যায়ে সার বিক্রয়ের সময় আমদানিকারক কোনো প্রকার শর্ত আরোপ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, যা সরবরাহের স্বাভাবিক প্রবাহে বাধা দেয়, তাহলে সংশ্লিষ্ট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করতে পারবেন।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে- এ-সংক্রান্ত সব দায়-দেনা ও ব্যাংক লেনদেন আমদানিকারককেই নিষ্পত্তি করতে হবে; সরকার এ বিষয়ে কোনো দায় নেবে না।

কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ

দেশে ইউরিয়া সারের মতোই নন-ইউরিয়া সার- বিশেষত টিএসপি, ডিএপি, এমওপি ও এমএপি ফসলের ফলন ও মাটির গুণগত মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বৈশ্বিক বাজারে সারমূল্য ও পরিবহন ব্যয়ের ওঠানামার কারণে প্রতি বছরই নন-ইউরিয়া সারের সরবরাহে চাপ সৃষ্টি হয়।

কৃষি বিশেষজ্ঞদের মতে, বেসরকারি খাতকে আমদানির সুযোগ দিলে সরবরাহ চেইন আরও স্থিতিশীল হয় এবং সরকার নির্ধারিত ভর্তুকির আওতায় চাষিরা সুলভ মূল্যে সার পেতে পারেন। বেসরকারি খাতকে সম্পৃক্ত করার মাধ্যমে সরকারের ভর্তুকি ব্যবস্থা আরও কার্যকর হয়। তবে আমদানির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ ও সঠিক সময়ে জাহাজীকরণ নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকার চলতি মৌসুমে ধান ও অন্যান্য ফসলের উৎপাদন লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সার মজুদ রাখার চেষ্টা করছে। এই প্রক্রিয়ায় বেসরকারি আমদানিকারকদের অংশগ্রহণের ফলে দ্রুত সরবরাহ নিশ্চিত হবে এবং মৌসুমি সংকট প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্য বণ্টন নিশ্চিত না হলে ভর্তুকির অপব্যবহার বা কালোবাজারির ঝুঁকি থেকে পুরো ব্যবস্থাপনাই ক্ষতিগ্রস্ত হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা