× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঙ্গলবাড়িয়ার লিচুর ঘ্রাণ ছড়ায় দেশজুড়ে

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১২:২৩ পিএম

আপডেট : ১৩ মে ২০২৫ ১২:২৪ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ায় একটি লিচু বাগানে ঝুলছে সুস্বাদু লিচু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ায় একটি লিচু বাগানে ঝুলছে সুস্বাদু লিচু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছোট্ট গ্রাম মঙ্গলবাড়িয়া। সুস্বাদু, রসে টলমল আর ঘ্রাণে মন মাতানো লিচুর জন্য দেশজুড়ে যার পরিচিতি। গোলাপি, ছোট্ট বিচিযুক্ত এবং শাঁসে ভরপুর এ লিচুর খ্যাতি ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ বছর লিচুর বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি আর গ্রামে উৎসবের আমেজ বইছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার পূর্ব-দক্ষিণে অবস্থিত ছোট্ট গ্রাম মঙ্গলবাড়িয়ার নামেই লিচুর নাম হয়েছে ‘মঙ্গলবাড়িয়া লিচু’। সেখানে গেলেই চোখে পড়বে লাল টসটসে লিচুর সমাহার। পাকা সড়কের দুই ধারের জমির আইল কিংবা বাড়ির উঠানে শত শত লিচুগাছ রয়েছে। প্রতিটি গাছে ঝুঁকে আছে রসালো পাকা লিচু।

জানা গেছে, প্রায় ২২৫ বছর আগে এক ব্যক্তি চীন থেকে এ লিচুর চারা এনে রোপণ করেছিলেন মঙ্গলবাড়িয়ায়। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে কুমারপুর, নারান্দী ও হোসেন্দী গ্রামে। বর্তমানে মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় ২০০ পরিবার সরাসরি লিচু চাষে যুক্ত। আশপাশের এলাকাগুলোর সঙ্গে মিলে এই অঞ্চলে রয়েছে প্রায় ৮ হাজারের বেশি লিচুগাছ। মে মাসের শুরুতেই শুরু হয় সংগ্রহ ও বিপণন। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকায়। 

পাকুন্দিয়া উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, এ মৌসুমে প্রায় ১০ কোটি টাকার লিচু বিক্রির আশা করা হচ্ছে। লিচু বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন, সন্তানদের শিক্ষার খরচ জোগাচ্ছেন। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আঙিনা, রাস্তার ধারে এবং পুকুরপাড়ে লিচুগাছ দেখা যায়। দূর-দূরান্ত থেকে আগত ক্রেতারা বাগান থেকে সরাসরি লিচু কিনে নিচ্ছেন।

গাজীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা জানিয়েছেন, মঙ্গলবাড়িয়ার লিচুর স্বাদ, গন্ধ ও আকারে অন্য এলাকার লিচুর সঙ্গে তুলনা চলে না। একে কেন্দ্র করে এখন পুরো গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

লিচু কিনতে আসা তানিয়া আক্তার বলেন, ‘লোকমুখে মঙ্গলবাড়িয়ার লিচুর অনেক প্রশংসা শুনেছি। তাই এবার লিচু কিনতে সরাসরি মঙ্গলবাড়িয়া গ্রামে এসেছি। প্রশংসা যেমন শুনেছি, আসলে তেমনই রসে টসটসে সুস্বাদু এ লিচু।’

কিশোরগঞ্জ জেলা শহর থেকে আসা ফারিয়া আক্তার বলেন, ‘অনেকদিন থেকেই ইচ্ছে ছিল মঙ্গলবাড়িয়ার লিচু কিনব। আজ সুযোগ পেয়ে স্বামীর সঙ্গে কিনতে এসেছি। এখানকার লিচু সত্যিই সুস্বাদু। আর পরিবেশটাও সুন্দর। তাই ঘুরে দেখছি।’

লিচুগাছ মালিক ফরিদ উদ্দিন বলেন, ‘আমাদের প্রধান ফসল হয়ে উঠেছে লিচু। এর আয় থেকেই পরিবারের ভরণপোষণসহ সন্তানের লেখাপড়ার খরচ চলে।

৪০ বছর ধরে লিচুর ব্যবসা করছেন মঙ্গলবাড়িয়া গ্রামের ব্যবসায়ী মো. তওহিদ মিয়া। এবারও তিনি প্রায় ২০০ গাছ কিনেছেন। এখন পর্যন্ত ২ লাখ টাকার লিচু বিক্রি করেছেন। আশা করছেন আরও ৬ লাখ টাকার লিচু বিক্রি করতে পারবেন।

তবে অনেক চাষির অভিযোগ, উপজেলা কৃষি অফিস তাদের পর্যাপ্ত সহযোগিতা দেয় না। যদিও কৃষি বিভাগের দাবি, ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন ও পরামর্শ দিয়ে থাকেন। সম্প্রতি চাষিদের নিয়ে একটি লিচু সমিতিও গঠন করা হয়েছে। তাদের প্রশিক্ষণ দিতে কর্মশালাও আয়োজন করা হয়েছে।

পৌরসভার উপসহকারী কৃষক অফিসার মাইদুল হক জানান, এবার মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুচাষিদের নিয়ে লিচু সমিতি করা হয়েছে। এই সমিতির মাধ্যমিক কৃষি অফিসের তত্ত্বাবধানে লিচু চাষ বিষয়ে কর্মশালা করা হয়েছে। আরও তিনজন উপসহকারী কৃষি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে; যাতে কৃষকরা উপকৃত হন

উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম জানান, মঙ্গলবাড়িয়ার মাটি লিচু চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এখানকার লিচু গোলাপি রঙের, শাঁসে টসটসে এবং ঘ্রাণে অনন্য। কৃষকদের উৎপাদন ও বিপণনে আরও সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবাড়িয়ার লিচু এখন শুধু একটি ফল নয়, বরং একটি ব্র্যান্ড হয়ে উঠেছে; যা একটি গ্রামের অর্থনীতিকে বদলে দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা