× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাপা-বেন সম্মেলন শুরু

পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিশন গঠন করতে হবে : অধ্যাপক রেহমান সোবহান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:০৩ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:০৫ পিএম

বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন। প্রবা ফটো

বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন। প্রবা ফটো

অতি মুনাফা ও বাজার অর্থনীতি পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য সম্মিলিতি প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয় নির্ধারণে বিশেষ কমিশন গঠন করতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) টিএসসি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন বেন-এর প্রতিষ্ঠাতা ও বাপার সহ-সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক রেহমান সোবহান বলেন, বাজার অর্থনীতির কারণে জমির অস্বাভাবিক মূল্য বেড়েছে। যে কারণে নদ-নদী, জলাভূমি ও বনভূমি দখল করে আবাসন নির্মাণ করা হচ্ছে। এতে পরিবেশ ধ্বংস হচ্ছে। এক্ষেত্রে কালোটাকার প্রভাবও দায়ি বলে উল্লেখ করেন তিনি।

পরিবেশ সুরক্ষায় অন্তর্বর্তী সরকার ইতিবাচক পদক্ষেপ নিবে বলে আশা প্রকাশ করেন এ অর্থনীতিবিদ। তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নিজেই একজন পরিবেশবিদ। তিনি পরিবেশ সুরক্ষায় ইতোমধ্যে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন। তবে বিভিন্ন ইস্যুতে সরকার কমিশন ও বিশেষ কমিটি গঠন করেছে। কিন্তু পরিবেশের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের নাগরিকদের সম্পৃক্ততার প্রশংসা করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রেহমান সোবহান বলেন, ‘নাগরিক সম্পৃক্ততা থাকলেও অনেকেই ভিন্ন ভিন্ন প্লার্টফর্মে থেকে আন্দোলন করছে। ফলে দেশে অনেক যুগোপযোগী ও অত্যাধুনিক আইন থাকলেও যথাযথ বাস্তবায়নের অভাবে তার সুফল পাওয়া যাচ্ছে না। সুফল পেতে চাইলে সকলকে একই মঞ্চে আনতে হবে। এর মাধ্যমে সরকারের প্রতি চাপ সৃষ্টি সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প দেশের জ্বালানি সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবে কোনো স্বপ্নই পুরণ হয়নি। বরং ওই অঞ্চলের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উদ্বাস্তু হয়েছে। আমাদের পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়েছে। পরিবেশ ধ্বংস করে এমন প্রকল্প থেকে রেবিয়ে আসতে হবে।

ধারণাপত্রে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘বিগত ২৫ বছরের কাজের মধ্য দিয়ে বাপা ও বেন দেশের পরিবেশের সমস্যাবলী সম্পর্কে এক বিপুল জ্ঞানভাণ্ডার গড়ে তুলেছে। বাংলাদেশের আর কোনো সংস্থার কাছে, কিংবা এমনকি সরকারের কাছে এ দেশের পরিবেশের সমস্যাবলী সম্পর্কে এরূপ তথ্য, বিশ্লেষণ ও সুপারিশের সম্ভার আছে কি না সন্দেহ। এসব গ্রন্থ এখন বাংলাদেশের পরিবেশ বিষয়ক গবেষণা ও আলোচনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য-উৎস্য হিসেবে কাজ করছে। তবে বাপাকে এখনও উজানে নৌকা বাইতে হচ্ছে। স্ব-অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিবেশ রক্ষামূলক কাজের সংস্কৃতি অব্যাহত রাখা কঠিন হচ্ছে। তাই এ কাজে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।’

সভাপতির বক্তব্যে ড. নুর মোহাম্মদ তালুকদার বলেন, ‘দীর্ঘ ২৫ বছরের পথচলায় বাপার অনেক অর্জন থাকলেও সারাদেশে কার্যকর পরিবেশ আন্দোলন গড়ে ওঠেনি। সারাদেশে স্থানীয় পরিবেশ সমস্যা নিয়ে ভুক্তভোগী জনগণ আন্দোলন করছেন। যাদের অনেকের কাছে আমরা পৌঁছাতে পারেনি। অনেকে এখনও বাপার খোঁজ রাখে না। তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, বেন-এর গ্লোবাল সমন্বয়কারি অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান, বাপা সহ-সভাপতি ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ও খুশী কবির, বাপা সাধারণ সম্পাদক আলমগীর কবির, কোষাধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার প্রমূখ।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মঅধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে ‘রাজনীতিবিদদের দৃষ্টিকোণ থেকে বাপা ও পরিবেশ রক্ষার সংগ্রাম’, দ্বিতীয় অধিবেশনে ‘নদ-নদী ও পানি ব্যবস্থাপনা’ এবং তৃতীয় অধিবেশনে ‘বায়ু, শব্দ, ও দৃষ্টিদূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা’ নিয়ে আলোচনা হয়। শনিবার দ্বিতীয় দিনে সম্মেলনের চতুর্থ অধিবেশনে ‘স্থায়িত্বশীল নগরায়ন’, পঞ্চম অধিবেশনে ‘জ্বালানী, বিদ্যুৎ, ও জলবায়ু পরিবর্তন’ এবং ষষ্ঠ অধিবেশনে ‘বন, পাহাড়, উপকূল, ও আদিবাসী অধিকার’ নিয়ে আলোচনা হবে। এরপর সকলের মতামতের ভিত্তিতে সম্মেলনের প্রস্তাব গৃহীত হবে।

আগামীকাল শনিবার বিকেল ৫টায় সমাপনী অধিবেশনে তুলে ধরা হবে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সম্মেলনে দেশি-বিদেশী পরিবেশ বিজ্ঞানী ও গবেষকবৃন্দ তাঁদের মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন এবং সারাদেশ থেকে আসা প্রতিনিধিরা পরিবেশ সমস্যার সমাধানে মতামত তুলে ধরছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা