× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল জয়ন্তীতে গাইবেন ইউসুফ-লাবণ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৩:২৩ পিএম

নজরুল জয়ন্তীতে গাইবেন ইউসুফ আহমেদ খান ও ইয়াসমিন লাবণ্য।

নজরুল জয়ন্তীতে গাইবেন ইউসুফ আহমেদ খান ও ইয়াসমিন লাবণ্য।

এই প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে কবি কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করে শ্রোতা দর্শককে মুগ্ধ করে চলেছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের বড় ছেলে ইউসুফ আহমেদ খান। বছরজুড়েই বিভিন্ন চ্যানেলে আধুনিক গান গাওয়ার পাশাপাশি বিশেষত কবি নজরুলের গানও তাকে গাইতে হয়। যথারীতি নজরুলের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে তার ব্যস্ততা আরও বেড়ে যায়। অন্যদিকে নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য তার মিষ্টি কণ্ঠ দিয়ে শ্রোতা দর্শককে নিয়মিত মুগ্ধ করে চলেছেন। আধুনিক গানেই তিনি তার বিচরণ রেখেছেন বেশি। তবে নজরুলের গান গাইতেও তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। ইউসুফ ও লাবণ্যকে নিয়ে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলা আজ সকাল ৮টা ২০ মিনিটে নিবেদন করছে নজরুল সংগীত নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘গল্প গানের আমন্ত্রণ’। অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন লানা খান। অনুষ্ঠানে এককভাবে ইউসুফ গাইবেন ‘খেলিছো এ বিশ্ব লয়ে’ ও ‘সখী বাঁধলো ঝুলনিয়া’। লাবণ্য এককভাবে গাইবেন ‘কথার কুসুমে গাঁথা’ ও ‘ঐ ঘর ভোলানো সুরে’। ইউসুফ ও লাবণ্য দ্বৈতভাবে গাইবেন ‘মনে পড়ে আজ সে কোন জনমে’ ও ‘মোরা আর জনমে হংস মিথুন ছিলাম’। মারিয়া শিমুর উপস্থাপনায় কবি নজরুলের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতেই লানা খান এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। লানা খান বলেন, ‘ইউসুফ তো নজরুলের গানে বেশ পারদর্শী। ভীষণ ভালো গায়। লাবণ্যও বেশ চমৎকার গেয়েছে। আশা করছি এই আয়োজন ভালো লাগবে শ্রোতাদের।’ 

ইউসুফ আহমেদ খান বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা। আমার বাবার কাছেই কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিশদ জানার সুযোগ হয়েছে। তার প্রতি, তার গানের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে। আজ তার ১২৫তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি গান পরিবেশন করব। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আমার সঙ্গে দ্বৈত গান পরিবেশনে আছেন লাবণ্য। তার কণ্ঠটা ভীষণ মিষ্টি। তার পরিবেশনাও চমৎকার হয়েছে।’ 

ইয়াসমিন লাবণ্য বলেন, ‘শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে বিশেষ আয়োজনে গান গাইতে পারার সুযোগ পাওয়াটাও পরম সৌভাগ্যের। ধন্যবাদ ও কৃতজ্ঞতা লানা খান আপা ও ইউসুফ ভাইকে। তাদের কারণেই এমন আয়োজনে সাহস করে গাওয়া। জানি না কেমন গেয়েছি। তবে মন দিয়ে গেয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা