× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলাপন

ফাতিমা এখনও খুব প্রাসঙ্গিক

লিমন আহমেদ

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১২:২৮ পিএম

ফাতিমা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা তাসনিয়া ফারিণের সঙ্গে পান্থ কানাই। প্রবা ফটো

ফাতিমা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা তাসনিয়া ফারিণের সঙ্গে পান্থ কানাই। প্রবা ফটো

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম পান্থ কানাই। নব্বইয়ের দশক থেকে ইন্ডাস্ট্রিতে দাপুটে উপস্থিতি তার। এবার প্রথমবারের মতো রুপালি পর্দায় দেখা যাবে এ শিল্পীকে। সিনেমার নাম ‘ফাতিমা’। এটি নির্মাণ করেছেন ধ্রুব হাসান। মুক্তি পাবে ২৪ মে। তার আগে ২১ মে হলো এর প্রিমিয়ার। ছবিটি দেখা শেষে এটি নিয়ে নিজের প্রত্যাশা, অভিনয়ের অভিজ্ঞতা ও গানের ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। লিখেছেন লিমন আহমেদ-

প্রথমবার সিনেমায় অভিনয়। অনুরাগীরা নতুন পরিচয়ে আপনাকে পাচ্ছে। কেমন লাগছে?

এটা একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে বলতে পারেন। আমি আপাদমস্তক গানের মানুষ। কখনও অভিনয় করব ভাবিনি। তা-ও আবার সিনেমায়। একটা চাপা উত্তেজনা আছে, দর্শক কীভাবে গ্রহণ করেন তা নিয়ে চাপ আছে।

নিজের অভিনয় আপনার কাছে কেমন লাগল?

খারাপ না। আমি এনজয় করেছি। যেহেতু এটা আমার কাজের আঙিনা নয় তাই চেষ্টা ছিল সাবলীল কাজ যেন করতে পারি। ছবিটি দেখার পর সবাই আমার অভিনয়ের প্রশংসা করছেন। তাই মনে হচ্ছে মোটের ওপর অভিনয়টা খারাপ করিনি।

ফাতিমায় কীভাবে যুক্ত হওয়া?

ধ্রুব আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। বছর তিনেক আগে হঠাৎ ও আমাকে কল দিয়ে সিনেমার কথা বলে। আমি মনে করেছি গানের জন্যই হয়তো ও আমাকে ডাকছে। কিন্তু ও অভিনয়ের প্রস্তাব দেয়, যা শুনে আমি রীতিমতো চমকে যাই। একে তো আমি সারা জীবন গানটাই করতে চেয়েছি, অভিনয় নিয়ে কখনও স্বপ্নেও ভাবিনি। এরপর আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়। কিন্তু সে সময় কোক স্টুডিও বাংলা নিয়ে আমার এতটাই ব্যস্ততা যে, স্ক্রিপটও খুলে দেখিনি। তারপর ধ্রুবর অনুরোধে কাজটি করতে সম্মত হলাম।

সিনেমায় আপনাকে কেমন চরিত্রে দেখা যাবে?

আমার চরিত্রটি নেগেটিভ। এজেন্সির মালিক। নাম আনোয়ার। রহস্যময় চরিত্র। অনেক চরিত্রের ভিড়েও এটি দর্শকের চোখে পড়বে বলে আশা করছি।

এ সময়ের প্রেক্ষাপটে ফাতিমা কতটা প্রাসঙ্গিক?

ফাতিমা এখনও খুব প্রাসঙ্গিক। এখানে দুটি গল্প প্যারালাল দেখানো হয়েছে। মুক্তিযুদ্ধের একটি, অন্যটি বর্তমান সময়ের। দুটি ভিন্ন সময় বাট সাম্প্রদায়িকতার জায়গাটি তো আজও অভিন্ন। একটা মেয়ে তখনও তার কাছের মানুষের দ্বারা প্রতারিত হতো, নানা প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকত, এখনও হচ্ছে। মুখোশের আড়ালে খারাপ মানুষ চারদিকে ঘুরে বেড়াচ্ছে।

দর্শকের দৃষ্টিতে আপনার কাছে ফাতিমা কতটা সিনেমা হয়ে উঠতে পেরেছে?

এটা বলা তো মুশকিল। একেকজন দর্শকের একেক রকম ভাবনা ও রুচি। আমার সঙ্গে অনেকের না-ও মিলতে পারে। আমার কাছে এটি একটি উপভোগ্য সিনেমা। এতে ভালো গল্প আছে, গান আছে, অনেক জনপ্রিয় তারকা আছেন। দেখতে দেখতে মুগ্ধতা আসে, হাসি আসে, কান্না আসে। তাসনিয়া ফারিণ এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দারুণ হয়েছে।

অভিনয়ে কি নিয়মিত হবেন?

এটা বলা যাচ্ছে না। নানা রকম কাজের জন্য প্রস্তাব পাচ্ছি। সিনেমা থেকে ওটিটি। সমস্যা হলো আমি অভিনেতা নই। ভবিষ্যতে কাজ করব কি না ঠিক নেই।

গানের খবর বলুন…

গান তো চলছে। এটাই আমার কাজ ও পরিচয়ের জায়গা। গানের সঙ্গেই আমি আনন্দে থাকি। গেল বছর কোক স্টুডিওতে গান গাইলাম। সেটা সাড়া পেয়েছে। স্বাধীনতা দিবসে একটা গান করা হয়েছে। সামনেও নতুন কিছু গান আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা