প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ১২:৪৫ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১২:৫৬ পিএম
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে অনিয়মের অভিযোগে চিত্রনায়িকা নিপুণ আক্তারের রিটের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিয়েছেন পদটিতে। যার ফলে আপাতত ডিপজল এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
সোমবার রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পরাজিত প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে গেল ১৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন নির্বাচন দাবি করে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। সেদিন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় রিট আবেদন করেন। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনের অনিয়ম তদন্তের নির্দেশনা চাওয়া হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। গত ১৯ এপ্রিল এ নির্বাচনে ভোটগ্রহণ হয়। ২০ এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। মাত্র ১৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। ডিপজল ২২৫ ভোট পেয়েছেন এবং নিপুণ আক্তার পেয়েছেন ২০৯ ভোট।