প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১১:১৬ এএম
জেফার রহমান। প্রবা ফটো
জেফার রহমান।
এ প্রজন্মের একজন জনপ্রিয় গায়িকা। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন অভিনেত্রী হিসেবে। মোস্তফা
সরয়ার ফারুকীর পরিচালনায় ‘মনোগামী’ নামের ওয়েব ফিল্মে তার দেখা মিলেছে। সেখানে তিনি
অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। ছবিতে জেফারের অভিনয় প্রশংসিত হয়েছে। তার লুকও
এসেছে আলোচনায়। শিগগিরই আরও কিছু কাজে অভিনেত্রী হিসেবে যুক্ত হবেন তিনি।
এদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে জেফারের নতুন ইংরেজি গান ‘স্পাইসি’। নার্গিস আক্তারের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে’ গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে গানটিতে। এই অংশটুকু নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই গানের লাইন দুটোর পাশাপাশি ভিডিওতে জেফারের উপস্থাপনা নিয়েও আপত্তি তুলেছেন। শিল্পী কী ভাবছেন? জেফারের জবাব, ‘এখন ইন্টারনেটের যুগ, সবকিছুতেই মন্তব্য করা অনেক সহজ। তাই অনেক সময় না বুঝেই অনেকে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন, সেটুকু কিন্তু আমার লেখা, কিংবা সুর করা নয়। লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেননি। এটা অনেক আগের গান। নার্গিস নামের একজনের গাওয়া। ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। ২০০৬ সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই ২০২৪ সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। অনেকে বুঝতে পারছেন, অনেকে আবার বুঝছেন না। যারা ফুয়াদ ভাইয়ের গান শোনেন, তারা বুঝতে পারছেন। যারা নতুন বা বয়সে ছোট, তারা বুঝতে পারছে না গানের অংশটুকু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সেই সময়ে আমাদের দেশে ইন্টারনেট এত সহজলভ্য ছিল না বিধায় তখন এত কথা হয়নি। এখন মানুষের বলার সুযোগ বেড়েছে।’

সোশ্যাল মিডিয়ার
ট্রল নিয়ে একদমই ভাবছেন না বলেও জানান জেফার। তার ভাষ্য, ‘আমার যোগ্যতা সম্পর্কে আমি
জানি। কাজ দিয়ে আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। ট্রল বা সমালোচনা আমাকে ভাবায় না।
আমি পরিচিত বলে এই গানের ক্ষেত্রে আমাকে নিয়েই কথা বলা হচ্ছে। হোক। বিষয়টি নিয়ে আমি
মোটেও লজ্জিত নই। খেয়াল করে দেখবেন সাম্প্রতিক সময়ে আমাদের দেশের মানুষ অ্যাপ্রিসিয়েশন
করার চেয়ে হাসাহাসি করতে বেশি পছন্দ করে। যখন ভালো কিছু হয় অ্যাপ্রিশিয়েট করতে অনেকে
দ্বিধাবোধ করি, কিন্তু কোনো কিছু নিয়ে হাসাহাসি করতে বেশি সময় লাগে না।’
পাঁচ বছর পর ইংরেজি
গান প্রকাশ পেয়েছে জেফারের। সর্বশেষ ২০১৯ সালে প্রকাশ পেয়েছিল ‘ডার্টি ট্রিকস’। ‘স্পাইসি’
শিরোনামের নতুন গানে র্যাপ অংশটুকু গেয়েছেন যুক্তরাষ্ট্রের হেজেল রোজ। গানটি লিখেছেন
গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত মার্কিন সংগীতশিল্পী র্যাচেল ওয়েস্ট। সংগীত প্রযোজনা করেছেন
ফুয়াদ আল মুক্তাদির। তার সঙ্গে আছেন বলিউডের ডিজে সঞ্জয়।
এই গানে তিন দেশের
শিল্পীদের অংশ নেওয়ার গল্প জানিয়ে জেফার বলেন, ‘গেল বছর ফুয়াদ ভাই যখন গানটির কথা জানান,
তখন মনে হলো এটা তো আমার কমফোর্ট জোন। গ্র্যামি অ্যাওয়ার্ডে যখন গিয়েছিলাম, সে সময়
রেকর্ডিং করে এসেছি। আর গত বছরের শেষ দিকে লস অ্যাঞ্জেলেসে শুটিং করেছি। খুব আনন্দ
নিয়ে আমরা গানটি তৈরি করেছি।’
এ বছর আরও বেশকিছু
গান আসবে জেফারের। বেশ কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছেন তিনি। শেষ হয়েছে কয়েকটি গানের
ভিডিওর শুটিংও। পাশাপাশি এ বছর প্রথম বাংলা একক অ্যালবাম নিয়ে আসারও পরিকল্পনা করছেন
জেফার রহমান।