প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১১:০০ এএম
বাংলাদেশের পর ‘দেয়ালের দেশ’ দেশের বাইরেও পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে। অস্ট্রেলিয়ার পর এবার মুক্তি পাচ্ছে আমেরিকায়। এরপর কানাডায়ও মুক্তি পাবে ছবিটি।
গেল রোজার ঈদে
মুক্তি পেয়েছে মিশুক মনির ‘দেয়ালের দেশ’। শবনম বুবলী ও শরিফুল রাজ অভিনীত ছবিটি দর্শক-সমালোচকদের
নজর কেড়েছিল। এর গানও মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তি
পায়। সেখানে প্রবাসী বাঙালিদের কাছে সমাদর পেয়েছে ‘দেয়ালের দেশ’। সিনেমাটি এবার আমেরিকায়
মুক্তি পেতে যাচ্ছে। এর পরিচালক মিশুক মনির নিশ্চিত করেছেন বিষয়টি।
তিনি জানান, বাংলাদেশের
পর ‘দেয়ালের দেশ’ দেশের বাইরেও পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে। অস্ট্রেলিয়ার পর এবার
মুক্তি পাচ্ছে আমেরিকায়। এরপর কানাডায়ও মুক্তি পাবে ছবিটি।
‘দেয়ালের দেশ’ আমেরিকায় মুক্তি
দিচ্ছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদও ফেসবুক পোস্টের মাধ্যমে
বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির ১৫টি অঙ্গরাজ্যে দেখা যাবে সিনেমাটি। যার মধ্যে নিউইয়র্ক,
লস অ্যাঞ্জেলেস, বুস্টন, লং আইসল্যান্ড, শিকাগো, নিউজার্সি, ডালাস, সানফ্রান্সিসকো,
পোর্টল্যান্ড, অস্টিন উল্লেখ্য।
আমেরিকায় মুক্তির
বিষয়টি ছবিটির নায়িকা বুবলীও এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। বুবলী লেখেন, ‘খুশির
খবর, দেয়ালের দেশ এখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়। আগামীতে কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশেও
মুক্তি পাবে। অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে। ১৭ মে থেকে আমেরিকার বিভিন্ন
শহরে খুশবু ছড়াবে খামখেয়ালি এক প্রেমিকের ভালোবাসার নৈবেদ্য।’
বৈশাখ ও নহর নামের
দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন উঠে এসেছে দেয়ালের দেশ ছবিতে। এতিমখানায় মানুষ হওয়া
বৈশাখ (শরিফুল রাজ) চালচুলোহীন, খামখেয়ালি। বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে
(বুবলী) তার ভালো লাগে।
এরপর ক্রমশ তাদের
প্রেম হয়। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের। জুয়া, নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের
চাকরি নিয়ে জেলেও যেতে হয় তাকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। সেখানেও চলে তার নেশা।
হঠাৎ এক দিন একটা লাশ আসে মর্গে। কফিন খুলে বৈশাখ দেখে, এটা তার প্রেমিকা নহরের লাশ।
এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়।