প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪ ১০:১৮ এএম
মুক্তির অনুমতি পেল মিতুল-শীতলের মুনাফিক।
বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘মুনাফিক’ সিনেমা। গেল ১৪ মে সিনেমাটির নির্মাতা ইভান মল্লিক সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন। এটিই নির্মাতার প্রথম সিনেমা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। রোমান্টিক থ্রিলারধর্মী এ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন আফফান মিতুল আর তার বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন শীতল। মুনাফিক সিনেমায় আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া ও চিত্রনায়ক সাইফ খান এবং মামুন খান ও জারা জুটি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত, আইরিন অধিকারী, জ্যাকি আলমগীর, রেজা হাসমত, আনোয়ার সিরাজী, উত্তম অধিকারী, সীমান্ত, রেবেকা রউফ, আশরাফ কবিরসহ অনেকেই।
সেন্সর ছাড়পত্র পাওয়ার খুশিতে অভিনেতা আফফান মিতুল বলেন, “এখন পর্যন্ত আমার অভিনীত সাতটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এই প্রথমবার মুনাফিক সিনেমার মাধ্যমে রোমান্টিক নায়ক হিসেবে কাজ করলাম। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এর জন্য বেশ এক্সাইটেড আমি। সিনেমায় আমার আর নায়িকার ‘পিরিতের নাও ভাসাইলাম সখীরে তোর সনে’ গানটির ভিজ্যুয়ালাইজেশন এবং কোরিওগ্রাফি ভীষণ ভালো হয়েছে। এ গানের কোরিওগ্রাফার প্রিন্স খান ও ডিওপি রাহাত বাপ্পির কাছে আমি কৃতজ্ঞ। তবে সবার ঊর্ধ্বে নির্মাতা ইভান মল্লিক, তিনি তার সেরাটাই দিয়েছেন। আমরা সবাই এ ছবি নিয়ে আশাবাদী।”
এদিকে, আফফান মিতুল অভিনীত এক ডজন চলচ্চিত্র মুক্তির মিছিলে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যÑ ময়ূরাক্ষী, আগুনের পাখি, মুক্তির ছোটগল্প, মুজিব থেকে বঙ্গবন্ধু, কাকতাড়ুয়া, নিশ্চুপ ভালোবাসা, ব্যাচেলর ইন ট্রিপ, জংলী এবং জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’।