প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১২:১০ পিএম
অবন্তি সিঁথি
অবন্তি সিঁথি বেড়ে উঠেছেন জামালপুরে। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় গান গেয়ে পরিচিতি পান তিনি। গিটার আর হারমোনিয়াম বাজানো শিখেছেন ছোটবেলাতেই। কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানেও গান করতেন তিনি।
ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় অংশ নিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। তারপর থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি গেয়েছেন ‘সুখের মুহূর্ত’ শিরোনামে নতুন একটি গান। সংগীত পরিচালক সুমন কল্যাণের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন আশিক বন্ধু।
গানটি নিয়ে অবন্তী সিঁথি বলেন, ‘গানটা একদম এই সময়ের আধুনিক সিনেমার গানের মতো। বেশ সুন্দর কথা। সুরটা মেলোডিয়াস। শ্রুতিমধুর। শ্রোতাদের ভালো লাগবে। গানটি গেয়ে শান্তি পেলাম।’
গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিওতে। আগামী সপ্তাহে চট্টগ্রামে গানটির মিউজিক্যাল ফিল্মের শুটিং হবে। আসছে ঈদে গানটি প্রকাশ হবে একটি ইউটিউব চ্যানেলে।
এই গান ছাড়াও অবন্তী হাজির হবেন ঈদে আরও কিছু গান নিয়ে। পাশাপাশি ব্যস্ত সময় যাচ্ছে তার স্টেজ শোতেও।