প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১২:৫৯ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১৩:২৯ পিএম
জাহিদ আকবর, লুৎফর হাসান এবং সোমেশ্বর অলি, তিনজনই বাংলাদেশের সংগীতের পরিচিত ব্যক্তিত্ব। ব্যক্তিজীবনে তারা বেশ ভালো বন্ধুও বটে। তাদের গান কবিতা চর্চা করতে করতে বন্ধুত্বের পথচলার আজ দুই দশক।
লুৎফর হাসানের গাওয়া গান ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ লিখেছিলেন সোমেশ্বর অলি। তাদের তিন বন্ধুর টানাপড়নের গল্প উঠে এসেছিল সেই গানে। পরবর্তীতে সেই গান তুমুল জনপ্রিয়তা পায়। গানটি প্রকাশের পর কেটে গেছে একযুগ।
যুগপূর্তিতে এবার তিনজন এক হচ্ছেন নতুন পরিকল্পনায়। সোমেশ্বর অলি আবারও লিখেছেন নতুন গান। এতে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। বিশেষ চমক হিসেবে গানটিতে অলির লেখা কবিতায় কণ্ঠ দিয়েছেন জাহিদ আকবর।
লুৎফর হাসান জানান, এবারের গানটি শিরোনাম ‘মিছিল আমাকে এখনও টানে’। ‘ঘুড়ি’ গানের সংগীত পরিচালক ছিলেন কিশোর দাস। নতুন গানের সংগীত আয়োজনও তিনিই করেছেন। অলির সঙ্গে যৌথভাবে সুর করেছেন নাহিদ হাসান।
সম্প্রতি এর গানচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। আল মাসুদ নির্মাণ করেছিলেন ‘ঘুড়ি’র মিউজিক ভিডিও, তাই এবারের গানের ভিডিওটি নির্মাণও করলেন তিনি।
জানা যায়, শিগগির জি-সিরিজ থেকে প্রকাশ পাবে ‘মিছিল আমাকে এখনও টানে’ গান ভিডিও।
তিন বন্ধুর একত্রে যুক্ত হবার ব্যাপারে সোমেশ্বর অলি বলেন, ‘এটি হয়তো সময়েরই দাবি ছিল। অদৃশ্য চিত্রনাট্য মেনেই আমরা নিজেদের চরিত্রে অভিনয় করছি। আমার মতে, জাহিদ আকবর ও লুৎফর হাসানের বন্ধুত্বের নতুন সেতুবন্ধন এ গান। সেই জায়গা থেকে গানটির আবৃত্তির অংশে জাহিদ আকবরকে যুক্ত করা।’