প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১২:৩০ পিএম
‘ময়ূরাক্ষী’ ও ‘রঙ বাজার’। দুটি সিনেমাই কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
গেল রোজার ঈদে ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রত্যাশা অনুযায়ী ঈদের সিনেমাগুলো
তেমন সাড়া পায়নি। অনেকেই অনেক কারণ বিশ্লেষণ করছেন এ নিয়ে। কেউ বলছেন, সিনেমার আধিক্যের
খেসারত দিতে হয়েছে প্রযোজকদের। কেউ বলছেন, সিনেমাগুলোর গল্প দর্শক টানতে পারেনি। কেউ
কেউ আবার দাবি করছেন, সিনেমা হলের পরিবেশই দায়ী এবার ঈদের সিনেমা সফল না হওয়ার পেছনে।
তীব্র গরমে সিঙ্গেল স্ক্রিনগুলো একদমই দর্শক টানতে পারেনি। যা কিছু ব্যবসা হয়েছে সে
কেবল শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুবিধায় ভরপুর সিনেপ্লেক্সগুলোতেই।
রোজার ঈদ গত হয়েছে। নতুন উদ্যমে চলছে ঈদুল আজহার প্রস্তুতি। এরই মধ্যে আসন্ন ঈদে মুক্তির জন্য বেশ কিছু সিনেমা তালিকায় রয়েছে। যার মধ্যে অন্যতম শাকিব খান অভিনীত ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত বিগ বাজেটের সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা সবার। মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ অভিনীত আলোচিত ‘জংলি’ সিনেমাটিও। সে তালিকায় যুক্ত হলো তরুণ নির্মাতা রাশিদ পলাশের দুই সিনেমা। সেগুলো হলো ‘ময়ূরাক্ষী’ ও ‘রঙ বাজার’। দুটি সিনেমাই কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
-6627555a7e4a2.jpg)
রাশিদ পলাশ বলেন, ‘ময়ূরাক্ষীর কাজ আগেই শেষ হয়েছে। আমরা এটি রোজার ঈদেই
মুক্তি দিতে চেয়েছিলাম। তবে সিনেমা অনেক বেশি ছিল বলে সে সিদ্ধান্ত থেকে সরে আসি। সবকিছু
ঠিক থাকলে কোরবানির ঈদে মুক্তি পাবে ময়ূরাক্ষী। সেই সঙ্গে বিনোদনে ভরপুর তারকাবহুল
রঙ বাজার সিনেমাটিও কোরবানির মুক্তি দিতে যাচ্ছি। আশা করি দুটি সিনেমাই দর্শকের মন
ভরাবে। সিনেমার এ সংকটকালে আশার আলো হয়ে জ্বলবে ময়ূরাক্ষী ও রঙ বাজার।’
ময়ূরাক্ষী প্রযোজনা করেছে আজ ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির কর্ণধার
শাহাদাত হোসেন লিটন বলেন, ‘আমরা কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি। আমাদের
সব আয়োজন শেষ। শিগগিরই শুরু হবে প্রচার। ছবিটির টিজার ও গান প্রকাশ হবে।’
এ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। তিনি বেশ উচ্ছ্বসিত
সিনেমাটির মুক্তির খবরে। ববি বলেন, ‘চমৎকার একটি গল্পের সিনেমা ময়ূরাক্ষী। অনেক পরিশ্রম
করেছি সিনেমাটির জন্য। পুরো টিম অনেক খেটেছে। আমি এ ছবি নিয়ে আশাবাদী। এর প্রযোজক ও
পরিচালককে আমার আন্তরিক অভিনন্দন রইল ঈদ উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করার জন্য।’
অন্যদিকে রঙ বাজার সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি। প্রতিষ্ঠানটির পরিচালক তামজিদ অতুল বলেন, ‘সময়ের প্রেক্ষাপটে দারুণ একটি সিনেমা হতে যাচ্ছে রঙ বাজার। যৌনপল্লীর মানুষের জীবনের নানা গল্প এতে উঠে আসবে। সংলাপ, গান, নাচ ও অভিনয়ে সমৃদ্ধ সিনেমাটি। এমন সিনেমা বড় উৎসবেই মুক্তি দেওয়া উচিত। সেজন্য আমরা পরিকল্পনা করেছি কোরবানির ঈদে এটি মুক্তি দেব। আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ। দ্রুতই প্রচারে নামব। এতে অনেক জনপ্রিয় তারকা কাজ করেছেন। রাশিদ পলাশ যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমরা খুবই আশাবাদী রঙ বাজার নিয়ে।’
-6627556725cbc.jpg)
নব্বইয়ের দশকের শেষের দিকে দেশের অন্যতম আলোচিত একটি ঘটনা অবলম্বনে ছবিটি
তৈরি হচ্ছে। এতে দেখা যাবে যৌনকর্মীদের আবাসস্থল উচ্ছেদের করুণ গল্প। এ ছবির প্রধান
চরিত্রে যারা আছেন সবাই নারী। তাদের অন্যতম একজন অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি বলেন,
‘কোরবানির ঈদে রঙ বাজার মুক্তি পাচ্ছে এটা দারুণ খবর। ঈদের উৎসবে নিজের সিনেমা থাকছে
ভাবতে আনন্দ হচ্ছে। সিনেমাটি খুবই স্পেশাল আমার জন্য। আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা
হয়েছে এতে কাজ করতে গিয়ে।’
মৌসুমী হামিদ ছাড়াও রঙ বাজারে অভিনয় করেছেন জান্নাতুল পিয়া, শম্পা রেজা,
নাজনীন চুমকি, তানজিকা আমিন, লুৎফুর রহমান জর্জ, বড়দা মিঠু।
অন্যদিকে ময়ূরাক্ষীও সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মাণ করেছেন রাশিদ পলাশ।
এ দেশের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপড়েন দেখা যাবে সিনেমার গল্পে। সিনেমায়
ববির বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে
সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি,
সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল,
রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ অনেকে। এ ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব
এবং গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব।