প্রবা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৩:০৬ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৭:২৩ পিএম
রিয়াদ মাতাবে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। ছবি : সংগৃহীত
রক্ষণশীলতার পর্দা দ্রুতগতিতে সরিয়ে ফেলছে সৌদি আরব। যেখানে কয়েক বছর আগেও নারীরা একা শপিংমল বা কেনাকাটার জন্য বেরোতে পারত না, সেখানে এখন তারাই গাড়ি চালাচ্ছে। দেশটিতে মেয়েরা যোগ দিচ্ছে পার্টি-কনসার্টে। বড় বড় আন্তর্জাতিক বিনোদন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে রিয়াদে।
এবার ২০২৩-এর ২০ জানুয়ারি সৌদি আরব মাতাবে মেয়েদের নিয়ে গঠিত কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। রিয়াদ সিজনের থার্ড এডিশনের অংশ হিসেবে তাদের কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদের মিসুল পার্কে।
এবারের রিয়াদ সিজন গত ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ২০ লাখ দর্শক এবারের এডিশনে যোগ দিয়েছে। প্রায় ১৫টি এলাকায় কনসার্ট, নাটক, উৎসব, ফুড ফেস্টিভ্যাল এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ডব্লিউডব্লিউইয়ের ক্রাউন জুয়েলের আয়োজনও হয়েছে রিয়াদ ইভেন্টে।
এরই মধ্যে টিকিট বিক্রি শুরুর দিন জানানো হয়েছে। ব্ল্যাকপিঙ্কের ফ্যানক্লাবের সদস্যরা টিকিট কাটবেন ৮ নভেম্বর এবং বাকি দর্শক ১১ নভেম্বর টিকিট সংগ্রহের সুযোগ পাবেন।
পপ, হিপ-হপ ও ট্র্যাপের মিশ্রণে নাচ-গান গেয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক।
তৃতীয় ওয়ার্ল্ড ট্যুর ‘বর্ন পিঙ্ক’-এর অংশ হিসেবে রিয়াদ সিজনে যোগ দিতে যাচ্ছে ব্ল্যাকপিঙ্ক। এ ট্যুরে রিয়াদ ছাড়াও ম্যানিলা, আবুধাবি, কুয়ালালামপুর, জাকার্তা, ব্যাংকক ও হংকংয়েও তাদের কনসার্ট অনুষ্ঠিত হবে।
ব্যান্ডের পক্ষ থেকে আশা করা হচ্ছে, পুরো বিশ্ব থেকে তাদের ভক্তরা এ ওয়ার্ল্ড ট্যুরে যোগ দেবে।