প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৭ এএম
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রসৈকত কক্সবাজারের কলাতলী বিচ পর্যটকদের সেরা পছন্দের তালিকায় থাকে। সেখানে আন্তর্জাতিক মানের হোটেল রামাদা। পর্যটকের জন্য শান্তির আশ্রয় এ রামাদা। সেখানে বসেছে তারার মেলা।
দেশের জনপ্রিয় একঝাঁক তারকার অংশগ্রহণে ২২ ফেব্রুয়ারি থেকে রামাদায় চলছে টিভিসি নির্মাণের কাজ। এতে অংশগ্রহণ করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, চিত্রনায়ক মামনুন ইমন, ছোটপর্দার মিষ্টিমুখ নাদিয়া নদী। সঙ্গে আরও থাকছেন অভিনেত্রী সাবেরি আলম, আজম খান, শিশুশিল্পী শায়ান ও মুনতাহা।
২২-২৪ ফেব্রুয়ারি এ তিন দিন কলাতলী বিচের হোটেল রামাদার বিভিন্ন লোকেশন জুড়েই চলে এর চিত্রধারণ। রংধনু গ্রুপের আগের বিজ্ঞাপনের মতোই এতে আবারও জুটি হয়ে আসছেন ফেরদৌস ও আঁখি আলমগীর।
নতুন জুটি হিসেবে সামনে আসছেন মামনুন ইমন ও নাদিয়া নদী। সঙ্গে সাবেরি আলম ও আজম খানকেও দেখা যাবে ভিন্ন উপস্থাপনায়।
হোটেল রামাদার এ টিভিসিতে সৈকতের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি উঠে এসেছে আগত অতিথিদের জন্য সুপরিসরের অভিজাত
ও আকর্ষণীয় সব আয়োজন। আধুনিক রুম, সুবিশাল রেস্তোরাঁ, কিংবা সাগরছোঁয়া মনোমুগ্ধকর ওপেন এয়ার পুলপাড় সবই উঠে এসেছে এ টিভিসিতে।
এতে কাজ করা প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘রামাদা হোটেলটি আন্তর্জাতিক মানের। কক্সবাজারের মতো বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্রে এমন হোটেল দেশের যোগ্য প্রতিনিধি। এর প্রচারে যুক্ত হতে পেরে ভালো লাগছে। সুন্দর একটি গল্প আছে এতে। প্রচারে এলে দর্শকের মনে ধরবে বলে প্রত্যাশা করছি।’
চিত্রনায়ক ইমন বলেন, ‘রামাদা জেসিকা, রংধনু গ্রুপের একটি প্রতিষ্ঠান। দেশি-বিদেশি পর্যটকের জন্য এ হোটেলটি দারুণ এক আশ্রয় বলা যেতে পারে। খুব শিগগিরই এটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে। এর মান ও গুণ সেই সামর্থ্য রাখে।’
অভিনেত্রী সাবেরি আলমও টিভিসিটিতে কাজ করে আনন্দিত বলে জানান। তিনি হোটেল রামাদাকে বেছে নেওয়ার জন্য কক্সবাজারের প্রতি আগ্রহী ভ্রমণপিপাসুদের আমন্ত্রণ জানান।
বিগ বাজেটের এ প্রজেক্টটির সমন্বয়কারী রংধনু গ্রুপের ব্র্যান্ড মিডিয়া অ্যান্ড পিআর প্রধান মো. সাইফুল ইসলাম। এর পরিচালনায় আছেন চিত্রনির্মাতা অনন্য মামুন। নির্মাতা জানান,
টিভিসিটি খুব শিগগিরই দেশের নানা গণমাধ্যমে প্রচারে আসবে।