বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৫:১৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৭:৪২ পিএম
ছোটপর্দার সংগঠন অভিনয় শিল্পী সংঘ টেলিভিশন নাটকে অভিনয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে আজ ৫ নভেম্বর। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই সেমিনার। 'সাম্প্রতিক কাহিনীচিত্র ও অভিনয় বাস্তবতা' নামে এই সেমিনারে টেলিভিশন প্রতিনিধিদের সঙ্গে শিল্পীদের মতবিনিময় হয়।
আলোচনার শুরুতে নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ টেলিভিশন নাটক ও তার অভিনয়ের দুর্বলতা তুলে ধরেন। এ সময় তনি নাটকের বাজেটসহ নানা বিষয় তুলে ধরেন। এরপরই শুরু হয় আগত অতিথিদের বক্তব্য।
অনুষ্ঠানের একপর্যায়ে অভিনেতা জাহিদ হাসান নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।
নাটকের অতীত ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে জাহিদ হাসান বলেন, 'এখন আমরা নাটকের শুটিং করি এক দিনে। কারণ বাজেট কম, সময় কম। সবার আগে জমা দিতে হবে তাই তাড়াহুড়ো। এই মানসিকতা আমাদের নাটক ও টেলিভিশন শিল্পকে শেষ করে দিয়েছে।
‘আমি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি কিন্তু বর্তমান পরিস্থিতির মতো এমন পরিস্থিতিতে কখনও পড়িনি। এর কারণ আমাদের অতীতকে আমরা ভুলে গিয়েছি। আমার মনে হয় নিজেদের এই ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে নিজদের আগে শোধরাতে হবে।'
এ সময় জাহিদ হাসান গল্প লেখা ও অভিনয়ের বিষয়টি তুলে ধরে আরও বলেন, 'অভিনয়ের পাশাপাশি আমরা অনেক অভিনেতা-অভিনেত্রী লেখালেখির বিষয়ে কাজ করি। সেক্ষেত্রে গল্প এবং সংলাপে বেশ কিছু ঘাটতি থাকে। যার জন্য অভিনয় এবং গল্প ঠিকঠাক কাজ করে না। এ ছাড়া এখন রাতে স্ক্রিপ্ট দিয়ে বলে সকালে শুটিং, সেটাও আবার এক দিনেই শেষ হবে, তাহলে আমরা নিজেদের কী আর উপস্থাপন করব! আমার মনে হয় কথা না বলে কাজে নেমে যেতে হবে। তাহলেই ছোটপর্দার সুদিন ফিরে আসবে।'
সেমিনারে উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসানসহ সংগঠনের আরও অনেকে।
ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নাট্যজন মামুনুর রশীদসহ তৌকীর আহমেদ, জয়া আহসান, তারিন জাহান, গাউসুল আলম শাওন ও অনেকে।
শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিমের সমাপনী বক্তব্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।