প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১২:৪৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৪:৫৮ পিএম
ঢালিউড নায়িকা ফারিন খান।
ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি ঢালিউড নায়িকা ফারিন খান। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি।
একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি ফারিনের গাড়িকে অনেক দূর টেনে নিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে এবং গাড়িতে থাকার অন্যদের বের করেন। বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে ঢাকার শ্যামলী এলাকায়।
তবে ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেও আহত হয়েছেন ফারিন খান। সেই আঘাত বড় কিছু নয় বললেও এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশের সিনেমার এই অভিনেত্রী।
ওই দুর্ঘটনার পরই তার মনে হয়েছিল আর বাঁচবেন না। নিকেতনে শুটিং সেরে সাভারে নিজের বাড়িতে ফিরছিলেন ফারিন খান।
এ সময় গাড়িতে তিনি ছাড়াও ছিলেন চালক এবং তার এক বোন। বৃহস্পতিবার রাত ২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তিনি এবং তার বোন দুজনই আহত হন। এখন তারা বিপন্মুক্ত বলেও জানান ফারিন। তবে এখনও ওই ঘটনা মনে পড়লে ভয়ে শিউরে উঠছেন তিনি।
ফারিন প্রতিদিনের বাংলাদেশকে জানান, নিকেতনে শুটিং শেষ করে সাভারের বাড়িতে ফিরছিলেন। পথমধ্যে এই দুর্ঘটনা ঘটে। তার সঙ্গে চালক ছাড়াও এক ছোট বোন ছিল। দুজনই সামান্য আঘাত পেয়েছেন। তবে এখন শঙ্কামুক্ত আছেন তারা।
ফারিন দুর্ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘শ্যামলী পার হওয়ার সময় একটি ট্রাক আমাদের গাড়িকে ধাক্কা মারে। এরপর আমরা ছিটকে একদিকে পড়ে যাই। খেয়াল করলাম ট্রাকটি আমাদের গাড়িকে টেনে নিয়ে যাচ্ছ। মনে হচ্ছিল আমরা মারা যাব। ভাগ্যের জোরে বেঁচে গেলাম।’
ওই ট্রাকটি প্রায় পাঁচ মিনিট ধরে ফারিনদের গাড়িকে টেনে নিয়ে গেছে বলে জানান তিনি। একসময় বিকট শব্দে চাকা ফেটে তাদের গাড়িটি থেমে যায়। অনেকেই দৌড়ে এসে আহতদের গাড়ি থেকে বের করে।
২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ফারিন। মাঝে পড়াশোনার জন্য প্রায় তিন বছর বিরতি নেন। গত বছরে ফের অভিনয়ে ফেরেন তিনি।
সম্প্রতি ছাড়পত্র পেয়েছে তার অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। এ সিনেমায় ফারিনের বিপরীতে দেখা যাবে তানভীর তনুকে। সেই সঙ্গে শেষ হয়েছে ‘ফেসবুক’ সিনেমার শুটিংও। ওই সিনেমায় শিপন মিত্রের সঙ্গে দেখা যাবে তাকে। এ সিনেমাটিও খুব তাড়াতাড়ি মুক্তি পাবে।