প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৩ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২১ পিএম
ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উৎসাহ ও উন্মাদনা। এ নির্বাচনকে ঘিরে অনেক তারকাই ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আগামী ১৯ এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা। গুঞ্জন উঠেছে, সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন আসন্ন নির্বাচনে অংশ নেবেন না। আর তাই তার প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ আক্তার খুঁজছেন নতুন সভাপতি।
বিষয়টি নিয়ে নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন আসতে এখনও অনেক সময় বাকি। এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না। তবে হ্যাঁ, যা শুনছেন তা সত্য। ইলিয়াস কাঞ্চন ভাই এবার নির্বাচন করবেন না। ইলিয়াস কাঞ্চন ভাইদের মতো গুণীশিল্পীরা আসলে নির্বাচনে আসতে চান না। গতবার আমরাই তাকে অনুরোধ করে নির্বাচনে এনেছি। এবারের নির্বাচন নিয়ে যখন কথা উঠেছে তখন কাঞ্চন ভাই নিজেই বলেছেন, তিনি নির্বাচন করবেন না।’
নিপুণ আরও বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চাই না। আগামী মার্চে আমরা আনুষ্ঠানিকভাবে প্যানেল নিয়ে কথা বলব। এখন আমরা সমিতির বনভোজন নিয়ে ব্যস্ত আছি।’
প্রসঙ্গত, এরই মধ্যে আসন্ন নির্বাচনের প্রধান কমিশনার ও আপিল বিভাগ চূড়ান্ত হয়েছে। এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। তিন সদস্যর এই বোর্ডে অন্য দুই সদস্য হলেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগে প্রধান হিসেবে রয়েছেন শামসুল আলম। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।