শাহরুখের ‘পাঠান’-এর টিজারে কাঁপছে বলিউড
প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৩:৪২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৪:২৮ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৮তম জন্মদিন আজ। এই দিনে কিং খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’-এর টিজার প্রকাশ পেয়েছে। দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে ‘পাঠান’ দিয়ে আবারও প্রত্যাবর্তন ঘটছে শাহরুখের। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির টিজার প্রকাশের পরপরই অর্ন্তজাল দুনিয়ায় শাহরুখ ভক্তদের উৎসবের আমেজ তৈরি হয়েছে। পাশাপাশি বলিউডও যেন ‘পাঠান’ ঝড়ে মুগ্ধ হয়ে আছে।
সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম প্রধান ভূমিকায় অভিনয় করছেন। এটি কিং খানের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে একটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ একটি অ্যাকশন এন্টারটেইনমেন্ট সিনেমা হতে যাচ্ছে। এ বছরের মার্চ মাসে নির্মাতারা সিনেমাটির ‘টিজার প্রোমো’ উন্মোচন করেছিলেন।
শাহরুখের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ নির্মাতারা পাঠানের টিজার উন্মোচন করেছেন। ভক্তদের উপহার দিতেই আজকের দিনটি বেছে নেওয়া হয়েছে। টিজারটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন—‘আপনার সিল্ট বেল্ট বেঁধে নিন। পাঠানের টিজার বের হয়েছে।’ এটি একটি অ্যাকশন-প্যাকড টিজার, যা স্পাই ওয়ার্ল্ডের পাঠানকে ভক্তদের সঙ্গে পরিচিত করেছে। টিজারটির রানটাইম এক মিনিটের বেশি। টিজারটির মাধ্যমে ভক্তরা পাঠানের ভিএফএক্স, মিউজিক এবং তাদের প্রিয় তারকা শাহরুখের নতুন লুক দেখেছে। এই স্পাই থ্রিলারের মাধ্যমে শাহরুখ নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন। শাহরুখ খান তার লম্বা চুলে বেশ রুক্ষভাবে পর্দায় এসেছেন। টিজারে তার দুর্দান্ত এন্ট্রি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক ভক্তদের রোমাঞ্চিত করেছে। সেই সঙ্গে দীপিকা পাডুকোনের গ্ল্যামার ও অ্যাকশন এবং জন আব্রাহামের খলনায়ক লুক বেশ ধুন্ধুমার এক প্রতিযোগিতার আভাস দিচ্ছে।
‘পাঠান’ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।