প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১১:২০ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ১১:২২ এএম
ব্যান্ড মিউজিক ফেস্ট
ব্যান্ডসংগীতের কিংবদন্তি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় ১০ বছর আগে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয় ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এ উৎসব। একই দিনে ‘ব্যান্ড মিউজিক ডে’ও উদ্যাপন করা হয়।
২০২২ সাল থেকে দিনটি আরও বেশি স্মরণীয় করে রাখতে এ আয়োজনের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। তারা সে বছরের ২ ডিসেম্বর বিশাল পরিসরে ব্যান্ড মিউজিক ফেস্ট আয়োজন করে চমকে দেয়।
তবে ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে সব প্রস্তুতি নিয়েও কনসার্টটি স্থগিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন বছরে কনসার্টটি ব্যান্ডপ্রেমীদের জন্য আরও বড় পরিসরে আয়োজন করা হবে। সে সময় সমাজমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বামবা। তাদের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী নির্বাচনী ব্যস্ততার জন্য বহুলপ্রতীক্ষিত ব্যান্ড মিউজিক ফেস্ট ডিসেম্বরে হচ্ছে না। নির্বাচনের পর একটা সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে। বামবার ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেছিলেন, ‘রাজনৈতিক অস্থিরতা আর নির্বাচন প্রস্তুতির বিষয়টি মাথায় রেখেই এবারের আয়োজনটি করা হয়নি। তবে আমরা নির্বাচনের পরই বড় পরিসরে ব্যান্ড গানের উৎসব করব।’
সে কথা রাখতে চলেছে বামবা। নির্বাচন শেষ হতেই তারা প্রস্তুতি নিচ্ছে ব্যান্ড ফেস্টের। নাম প্রকাশে অনিচ্ছুক উৎসবটির আয়োজক কমিটির একজন সদস্য জানান, আসছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ব্যান্ড মিউজিক ফেস্ট আয়োজন করা হবে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে একটি সিদ্ধান্ত হয়েছে। চ্যানেল আইয়ের সঙ্গে মিটিং করে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘২০২২ সালে ব্যান্ড মিউজিক ফেস্ট যখন আয়োজন করা হয় তখন দেশের জনপ্রিয় ১৬টি ব্যান্ড একসঙ্গে ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করেছিল। সব জনপ্রিয় তারাকা এক মঞ্চে গেয়েছেন, বাজিয়েছেন। সেই পারফর্ম সারা দেশের ব্যান্ডপ্রেমীদের মনে দাগ কেটেছিল। এবারও এমন কিছু থাকবে। পুরো আয়োজনটি নিয়ে বিশাল এক পরিকল্পনা করা হচ্ছে। শহরে শীত থাকতে থাকতেই উৎসবটি করতে চাই। আসছে ফেব্রুয়ারিই আমাদের টার্গেট। ভালোবাসা দিবসটিও আমাদের ভাবনায় রয়েছে।’
বামবার সহসম্পাদক কাজী আশেকীন সাজু জানান, ‘কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি। তাই নির্দিষ্ট করে কিছু বলা মুশকিল। তবে এ ব্যান্ড ফেস্টটি নিয়ে সবার আগ্রহ রয়েছে বুঝতে পারছি। তাই যত দ্রুত সম্ভব আমরা মঞ্চে ফিরতে চাই সবাই মিলে। আমি আশাবাদী এবার আরও বেশি গোছানো, উপভোগ্য উৎসব হবে। ভবিষ্যতে এ ইভেন্টকে আমরা দেশের বিভিন্ন জেলা ও বিদেশেও নিয়ে যেতে চাই। সে লক্ষ্য নিয়েই কাজ করছি।’
২০২২ সালে ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’ কনসার্টে অংশ নেয় নগরবাউল জেমস, মাইলস্, ওয়ারফেজ, শিরোনামহীন, অর্থহীন, আর্টসেল, সোলস্, ফিডব্যাক, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, ভাইকিং, পেন্টাগন, ক্রিপটিক ফেইট, পাওয়ারসার্জ। কনসার্টে প্রবেশমূল্য রাখা হয় ৫০০ টাকা। এবারও এ দলগুলো থাকবে। প্রবেশমূল্যও একই থাকবে বলে ধারণা করা হচ্ছে।