সাইফুল হক মোল্লা দুলু
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৪:১৯ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৬:৫৪ পিএম
কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী মানবাধিকার নাট্য উৎসব। রবিবার (৩০ অক্টোবর) গভীর রাতে শেষ হয়েছে উৎসবটি। শনিবার সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চে মানবাধিকার নাট্য পরিষদের ব্যবস্থাপনায় শুরু হয় অষ্টাদশ ‘মানবাধিকার নাট্য উৎসব ২০২২’।
ভৈরব থিয়েটার আর্টের সভাপতি নাট্যজন মতিউর রহমান সাগর ফানুস উড়িয়ে নাট্যোৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী পর্বে হারুন আল-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও ব্যবসায়ী বাদল রহমান, ঢাকা জজ কোর্টের স্পেশাল পিপি ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারুজ্জামান ভূঁইয়া টিপু, ছড়াকার ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, অ্যাডভোকেট খলিলুর রহমান প্রমুখ।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নাট্যকর্মী সাইদুল হক শেখর, আবু জাবিদ ভূঁইয়া সোহেল, হাফসা আফরিন বৃষ্টি ও সজল ফকির। তারা আলোচনায় বলেন, ‘নাটক হলো সমাজের অসংলগ্নতা, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। কিন্তু এখন আর কেউ আগের মতো আন্দোলন করতে আসে না। সাধারণ মানুষকে জাগিয়ে তোলার কাজটি করে না। এখন অধিকাংশ আসে স্টার হতে।’
নাট্য উৎসবে প্রথম দিন করিমগঞ্জ শিল্পকলা পরিষদ ও নৃত্যাঙ্গন, কিশোরগঞ্জের শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। গান গেয়ে শোনান হৃদয়, নীরব রিপন এবং বোরহানউদ্দিন।
এরপর জেলা মানবাধিকার নাট্য পরিষদের কর্মী সজল ফকিরের নির্দেশনায় ‘বিড়ম্বনা’ এবং মান্নান হীরার ‘আদাব’ গল্প অবলম্বনে রচিত ‘রক্ত’ নাটকটি মশিউর রহমান কায়েসের নির্দেশনায় মঞ্চায়ন করা হয়।
ব্যাপক দর্শক সমাগমে প্রথম দিনের পুরো অনুষ্ঠান উপভোগ্য ছিল। এরপর রবিবারের আয়োজনেও দেখা যায় দর্শক সমাগম। সেদিন রাতে সমাপনী দিনের আলোচনা পর্বে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ফৌজিয়া জলিল নেন্সী, এনায়েত করিম অমি, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ।
আলোচনা শেষে মানাপের মানবিক নাটক ‘বৃদ্ধাশ্রম’ মঞ্চস্থ হয়। এ ছাড়া পরিবেশিত হয় যাত্রানাটক ‘নিচুতলার মানুষ’।
প্রবা/এলএ/এমজে