বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৬:৩৬ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৬:৪৯ পিএম
হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। মুক্তির আগে থেকেই সিনেমাটির টিজার, পোস্টার নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। এরপর ২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয় সিনেমাটি। মুক্তির পর সিনেমাটি যেমন ব্যবসা করে যাচ্ছে, ঠিক তেমনই ভক্তদের ভূয়সী প্রশংসা পাচ্ছেন নাম ভূমিকায় অভিনয় করা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন।
‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রটি অভিনেতা ডোয়াইন জনসনের কাছে অনেকদিক থেকে স্পেশাল। এই সিনেমার মধ্য দিয়ে রক প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো সিনেমায় অভিনয় করলেন। এর জন্য তিনি মোটা অংকের পারিশ্রমিকও পেয়েছেন।
বলতে গেলে ডিসির সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতার তালিকায় তিনি এখন শীর্ষে। রকের আগে ডিসির প্রযোজনায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা জ্যাসন মোমোয়া। ‘অ্যাকুয়াম্যান ২’ সিনেমার জন্য তিনি ১৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নেন।
এ ছাড়া ‘জোকার ২’ ছবির জন্য জোয়াকিন ফিনিক্স ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নেন। যেটি ‘ব্ল্যাক অ্যাডাম’ পর্যন্ত সর্বোচ্চ ছিলো।
তবে সেই রেকর্ড ভেঙে ১৯০-২০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত ‘ব্ল্যাক অ্যাডাম’ এখন সবচেয়ে দামি সুপারহিরো। এ চরিত্রের জন্য রক পারিশ্রমিক নিয়েছেন ২২.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২২৮ কোটিরও বেশি!
‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম।
প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমন গল্পই দেখা গেছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টি-হিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রে।
প্রবা/এলএ/টিই