বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৫:৪২ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৬:০৬ পিএম
হলিউডের মেগাস্টার জনি ডেপ। তার ভক্তসংখ্যা ছড়িয়ে আছে গোটা পৃথিবীজুড়ে। তবে জনির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রটি তাকে সব ধরনের দর্শকের কাছে আলাদাভাবে জনপ্রিয় করে তুলেছে।
সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ড তার বিরুদ্ধে মামলা করলে এই ফ্র্যাঞ্চাইজি থেকে জনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ডিজনি। তাতে কষ্ট পেয়েছেন অভিনেতা। তখন তিনি ঘোষণা দেন, কোনো কিছুর বিনিময়েই আর এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন না।
তবে শোনা যাচ্ছে অভিমান ভাঙছে তার। জনিকে ক্যাপ্টেন স্প্যারো হিসেবে ফেরাতে উদ্যোগ নিয়েছে ডিজনি। বিশাল অর্থ পারিশ্রমিক দেওয়ারও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, জনির অভিমান ভাঙাতে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে।
রিপোর্টগুলো দাবি করছে, নির্মিত হবে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’। ক্যাপ্টেন অব দ্য ব্ল্যাক পার্লের শুরুর জীবন নিয়ে সিনেমাটিতে ডিজনির প্রধান পছন্দ জনি ডেপকেই। তাই ইতোমধ্যে চুক্তির খসড়া নতুন করে তৈরিও করে ফেলা হয়েছে। সেক্ষেত্রে ব্যাটে বলে হয়ে গেলে ভক্তরা আবারও ক্যাপটেন জ্যাক স্প্যারো চরিত্রে জনিকে দেখতে পাবেন।
২০০৩ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ নিয়ে দর্শকের সামনে আসেন জনি ডেপ। তিন বছর পর ২০০৬ সালে আসে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট’ সিনেমা। এক বছর বাদেই ২০০৭ সালে মুক্তি পায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’। তারপর মুক্তি পায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : অন স্ট্রেঞ্জার টাইডস’।
ডেপ অভিনীত এ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম এবং সর্বশেষ সিনেমাটি আসে ২০১৭ সালে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেলস’ নামে। প্রতিটি পর্বই বিশ্বজুড়ে দারুণ সাড়া পায়। প্রযোজনা প্রতিষ্ঠান আয় করে কোটি কোটি ডলার।
প্রবা/এলএ/এমজে