বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৫:৩৬ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৫:৪৭ পিএম
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা মঞ্চে এনেছে নাটক ‘মহুয়া সুন্দরী’। গত শুক্রবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত।
দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ নির্দেশনা দিয়েছেন ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ও অভিনেতা রহমত আলী। প্রযোজনায় অভিনয় করছেন স্নাতক দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা।
এ প্রসঙ্গে নির্দেশক রহমত আলী জানান ‘মহুয়া পালা প্রযোজনাটি গীত-নৃত্য-বাদ্য সহযোগে আমাদের দেশজ পরিবেশনা শৈলী অনুসৃত এক নব্য সৃষ্টিকর্ম। দীনেশচন্দ্র সেন সম্পাদিত মৈমনসিংহ গীতিকার একটি উল্লেখযোগ্য পালা মহুয়া। নির্দেশক হিসেবে গীতিনাট্য আমাকে সর্বদা প্রবলভাবে আকর্ষণ করে। পূর্বে আমার নির্দেশিত খাকসারনামা, তাসের দেশ, স্বদেশী নকশা প্রযোজনাসমূহ ছিল সংগীতাশ্রয়ী। পালাটির সংগ্রাহক চন্দ্রকুমার দে, পূর্ণচন্দ্র ভট্টাচার্য এবং ক্ষিতীশচন্দ্র মৌলিক। রচয়িতা হিসেবে দ্বিজকানাইয়ের নাম পাওয়া যায়। আর রসের দিক থেকে এটি রোমান্টিক-ট্র্যাজেডি ঘরানার দৃশ্যকাব্য।’
এতে অভিনয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান কাঞ্চন, অনন্যা দে, বর্ণালী ঘোষ বর্ণ, ফৌজিয়া আফরিন তিলু, জাহেদ আল ফুয়াদ, মারিয়া সুলতানা, মো. ফরহাদ হোসেন ফাহিম, মো. মেজবাহুল ইসলাম জিম, মুনিরা মাহজাবিন, মুসাব্বির হুসাইন রিফাত, নীহারিকা নীরা, শান্তা আক্তার, শেখ রাহাতুল ইসলাম, শেখ মুমতারিণ অথৈ, তাহসিন নুর মিত্রিতা, টুম্পা রানী দাস ও উম্মে হানী।
অভিনেতা কাঞ্চন বলেন, ‘মহুয়ার পাণ্ডুলিপিটি প্রায় চারশ বছরের পুরোনো ও লৌকিক চরিত্রের উপস্থাপনা, যা আমাদের লোকসমাজকে তুলে ধরে প্রতীকীরূপে। চরিত্রায়নের জায়গা থেকে দেশজ চরিত্রসমূহে অভিনয় করা একটু বেশি চ্যালেঞ্জিং। মঞ্চে খুব সম্ভবত রহমত স্যারের এটিই শেষ নির্দেশনা। তাই এ প্রযোজনায় যুক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান ভাবছি।’
জানা গেছে, প্রতি সন্ধ্যা ৭টায় টিকিটের বিনিময়ে দর্শকের জন্য উন্মুক্ত থাকবে ঢাবি নাটমণ্ডল।
প্রবা/এসএস/এমজে