প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২৮ পিএম
আবারও ছবি প্রযোজনা করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। এ ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে তার স্ত্রী অভিনেত্রী কাজলকে। এ ছবি দিয়ে রোমান্টিক, সামাজিক, থ্রিলার, কমেডি- একাধিক ঘরানার ছবিতে নিজেকে প্রমাণ করা অভিনেত্রী প্রথমবার হরর ছবিতে অভিনয় করবেন।
কাজলের নতুন ছবির গল্প একজন মায়ের জীবনযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হবে।
জানা গেছে, প্রাথমিকভাবে সিনেমার নাম রাখা হয়েছে ‘মা’। এই নামটি পরিবর্তিত হতে পারে। ছবিটি প্রযোজনা করবেন তার স্বামী অজয় দেবগন। বর্তমানে প্রাক-প্রযোজনা স্তরে রয়েছে ছবিটি। চিত্রনাট্যের কাজ শেষ হলেই শুরু হবে শ্যুটিং।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, আসছে জানুয়ারিতে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশাল ফুরিয়া। তবে এখনই এই ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ এই বলিউড অভিনেত্রী।
ছবিটির ঘনিষ্ঠমহল জানিয়েছে, বিশাল ছবির গল্প বলার পরই আর ভাবার জন্য কোনও সময় নেননি তিনি। এমন একটা গল্পে নিজেকে ভাঙতে পারবেন বলেই মনে করেন কাজল।