প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৪:৫৫ পিএম
দীর্ঘ বিরতির পর আমিন খান ও পপি জুটিকে আবারও দর্শক পর্দায় দেখতে পাবেন।
চিত্রনায়ক আমিন খান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। দুজন জুটি হয়ে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন। তাদের অভিনীত সেসব সিনেমার অনেক গান আছে যা আজও দর্শকের মুখে মুখে ফেরে।
দীর্ঘ বিরতির পর এ জুটিকে আবারও দর্শক পর্দায় দেখতে পাবেন। সাদেক সিদ্দিকীর নির্দেশনায় নির্মিত সিনেমাটির নাম ‘ডাইরেক্ট অ্যাকশন’। আবারও পপির সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘পপি আর আমি যে কটি চলচ্চিত্রে অভিনয় করেছি প্রায় সবই ব্যবসাসফল হয়েছে। এ সিনেমার কাজ শেষ হয়েছে অনেক আগে। কেন এটি মুক্তি পাচ্ছিল না আমার জানা নেই। পপি নিখোঁজ রয়েছে এটি একটি কারণ হতেও পারে। তবে শুনেছি আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে, বছরের শুরুতে। যদি তাই হয় তাহলে অবশ্যই এটি আনন্দের সংবাদ।’
পপিকে নিয়ে আমিন খান বলেন, ‘পপি এমনই একজন নায়িকা যে তার অভিনয় জীবনের শুরু থেকে সব সময়ই তার চরিত্রানুযায়ী ভালো অভিনয়ের চেষ্টা করেছে। প্রচণ্ড পরিশ্রমী একজন নায়িকা পপি। ভালো অভিনয় করে বলেই এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। সবচেয়ে বড় কথা, চলচ্চিত্রে তার পথচলা দুই যুগের হলেও শেষ পর্যন্ত সে তার শারীরিক ফিটনেসের ব্যাপারে দারুণ সচেতন ছিল। তার নিয়মিত কাজ করা উচিত।’
আমিন খান ও পপি প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন দীলিপ সোম পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’। এরপর তারা দুজন বিভিন্ন সময় জুটি হয়ে এবং সহশিল্পী হিসেবে ‘মা আমার বেহেস্ত’, ‘লুটপাট’, ‘হীরা চুনি পান্না’, ‘মন দিওয়ানা’, ‘বিশ্ব বাটপার’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘কসাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।
পপি বর্তমানে রয়েছেন সিনেমা থেকে দূরে। মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। জানা গেছে, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন। সন্তানও জন্ম দিয়েছেন। স্বামী-সন্তান নিয়ে রাজধানীর বারিধারায় পেতেছেন সুখের সংসার।