বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২ ১৪:২৮ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২২ ১৫:১৫ পিএম
দুই বাংলার জনপ্রিয় দুই গায়ক কবীর সুমন ও আসিফ আকবর। ভরাট কণ্ঠে দুজনেই মাতিয়ে রেখেছেন স্ব স্ব ভক্ত-শ্রোতাদের। সম্প্রতি তারা এক হয়েছেন গানের জন্য।
কবীর সুমনের সুরে কিছু গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। এবার তারা এক হলেন গাইতে। দ্বৈত কণ্ঠের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা।
এই তথ্য নিশ্চিত করেছেন আসিফ।
তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ। কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্র সংগীতজীবনে উনার সান্নিধ্য পেয়েছি।
আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সঙ্গে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।
জীবনে হয়তো কোনোদিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বী বন্ধুস্বজনদের দোয়া ছিল... মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন—শোকর আলহামদুলিল্লাহ।’
‘আসিফ এখন একান্নয়/কবির চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর...’—এমন কথার গানটির কথা লিখে এতে সুর দিয়েছেন কবীর সুমন।
এ গানে সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি শিগগিরই ভিডিও আকারে প্রকাশ হবে।
প্রবা/এলএ/টিই