বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২ ১৪:৪৩ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২২ ১৬:১৯ পিএম
বরুণ ধাওয়ান। সিনেমার ক্যারিয়ারে ১০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ভেড়িয়া’-এর ট্রেলার। এ সিনেমার মাধ্যমে এবার একটু ভিন্ন অবতারে ধরা দিতে যাচ্ছেন বরুণ। আর তার সঙ্গে দেখা যাবে কৃতি শ্যাননকে। ড. আনিকার চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন কৃতি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ভেড়িয়ার ট্রেলার। যেখানে কৃতি শ্যাননকে দেখা গেছে ড. আনিকার চরিত্রে। আর বরুণের চরিত্রের নাম ভাস্কর। সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক। এর আগে তিনি পরিচালনা করেন ‘স্ত্রী’র মতো জনপ্রিয় সিনেমা। সিনেমাটির শুটিং হয়েছে অরুণাচল প্রদেশে। শুটিংয়ের সময় অরুণাচল প্রদেশের জঙ্গলে ভয়াবহ আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বরুণ ও তার স্ত্রী নাতাশা দালাল ১ লাখ রুপি দান করেছিলেন। গত বছরের জুলাইয়ে শেয় হয় এ সিনেমার শুটিং।
একদিন জঙ্গলে গিয়েছিলেন বরুণ। তখন তাকে কামড়ে দেয় এক নেকড়ে । তার পর থেকেই কেমন অদ্ভুত ও ভয়ংকর ব্যবহার করছেন বরুণ। রাত হলেই বদলে যাচ্ছে তার চেহারা আর আচরণ।
বন্ধুর এমন সব অদ্ভুত ব্যবহারে হতবাক কৃতি ও দীপক ডব্রিয়াল। প্রতি রাতেই মানুষ থেকে নেকড়ের আকার নেন বরুণ, তার পরই অদ্ভুত সব কার্যকলাপ করতে থাকেন; যা নিয়ে আতঙ্কে থাকেন সবাই। আবার সকালে উঠে সেই মানুষটিই স্বাভাবিক, রাতের কথা তার কিছুই মনে থাকে না। একেবারে রূপকথার গল্পের মতো। তবে এসব আসলেই হচ্ছে বরুণের সঙ্গে। যদিও বাস্তবে নয়, সিনেমায়।
এদিকে, ট্রেলারের শেষে শোনা যায় ‘মোগলি’-এর সেই জনপ্রিয় ‘জঙ্গল জঙ্গল বাত চালি হ্যায়’ গানটি। তবে বরুণ রাতে ঠিক কতটা বদলে যান, তা স্পষ্টভাবে ট্রেলারে কিছু দেখানো হয়নি। বাকি গল্প জানতে অপেক্ষা করতে হবে ২৫ নভেম্বর পর্যন্ত।
প্রবা/টিএম /জেও