প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৫:৪৮ পিএম
ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনতম সফল একটি বছর হতে যাচ্ছে ২০২৩। এ বছর তারা বেশকিছু সুপার ডুপার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছে। সেই তালিকায় সবশেষ দক্ষিণী তারকা থালাপতি বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘লিও’।
মুক্তির শুরুর দিন থেকেই বক্স অফিসে ভালো করেছিলো সিনেমাটি। এরপর দ্বিতীয় দিনে সিনেমাটির আয় প্রায় ৫০ শতাংশ কমলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনের আয় মিলিয়ে চার দিনেই বিশ্বব্যাপী ৪০০ কোটি ছাড়িয়ে গেছে! তাই ৫০০ কোটি ঘরে তুলতে খুব বেশী দেরি যে আর নেই সিনেমাটির তারই আভাস মিলছে!
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে যার আয় কমে দাঁড়ায় ৬৫ কোটি রুপি। তবে তৃতীয় ও চতুর্থ দিনে সিনেমাটির আয় দাঁড়ায় যথাক্রমে ৭৫ ও ৭০ কোটি রুপি। ফলে মোট আয় দাঁড়িয়েছে ৩৫৫ কোটি রুপি। আর। পঞ্চম দিনে বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে নেয় আরো ৫৩ কোটি রুপি। সব মিলিয়ে আয় দাঁড়ায় ৪০০ কোটির ওপরে।
যার ভেতর শুধু মাত্র ভারতেই ছবিটি আয় করেছে ২২৭ কোটি রুপি। যা বর্তমানে ভারতে বিজয়ের ক্যারিয়ারের অন্যতম সর্বাধিক আয়কৃত সিনেমা হিসেবে বিবেচিত। এর আগে মুক্তির দিনই ‘লিও’ ছবির চিত্রনাট্য ‘দুর্বল’ বলে দাবি জানিয়েছিলেন দর্শক-সমালোচকদের অনেকেই। যার কিছুটা প্রভাব পড়বে এর আয়ে বলে ধারণ করেছিলেন চলচ্চিত্র বিশ্লেষকরা। তবে সপ্তাহান্তে সব কিছুকে উতরে এগিয়ে চলছে বিজয়ের ‘লিও’।
পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।