প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৬:১২ পিএম
ঢালিউড চলচ্চিত্রে এ প্রজন্মের আলোচিত চিত্রনায়ক আদর আজাদ। তিনি সম্প্রতি শেষ করেছেন নতুন সিনেমার কাজ। এর নাম ‘যন্ত্রণা’। এতে তার সঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা মানসী প্রকৃতি ও নতুন মুখ সায়মা স্মৃতিকে।
আরিফুর জামান আরিফ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২৭ অক্টোবর। পরিচালক নিজেই এ তথ্য জানিয়েছেন।
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে এ সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে অ্যাংরি মুডের আদর আজাদকে। নায়ক সিনেমাটি নিয়ে বলেন, ‘নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে।’
পরিচালক জানান, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। তার প্রত্যাশা, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।
স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। সংগীত পরিচালনা করেছেন পরিচালক ইমন সাহা।