প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৯ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩০ পিএম
শিল্পসংস্কৃতি-ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলছে গণজাগরণের পুতুলনাট্য উৎসব। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এ প্রতিপাদ্য নিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই অংশ এ উৎসব।
সংস্কৃতির সবচাইতে শক্তিশালী মাধ্যম হলো লোকসংস্কৃতি, যার অন্যতম আঙ্গিক পুতুলনাট্য। লোকশিক্ষার অন্যতম বাহন এটি। যুগে যুগে যা তার উপস্থাপনা ও প্রয়োগশৈলীর মাধ্যমে বিষয়বস্তু, সময় ও পরিস্থিতি ব্যাখ্যা করে মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সামষ্টিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বিষয়ভিত্তিক পুতুলনাট্য প্রদর্শনী অত্যন্ত কার্যকর কৌশল। বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। এ সামগ্রিক উন্নয়নের টেকসই রূপায়ণে সব শ্রেণি, সম্প্রদায়ের মানুষকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী এ পুতুলনাট্য উৎসবের আয়োজন করেছে। এতে ৩০টি পুতুলনাট্য দল অংশ নিচ্ছে। দেশের ১২০টি স্থানে গণজাগরণের পুতুলনাট্য উৎসব-২০২৩ চলছে। এটি শুরু হয়েছে ২৯ সেপ্টেম্বর। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।