প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৯ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫১ পিএম
অভিনেতা হিউ জ্যাকম্যান ও তার স্ত্রী ডেবোরা-লি ফার্নেস সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। সংগৃহীত ফটো
বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য উলভারিন’ কিংবা বিখ্যাত সিরিজ ‘এক্সম্যান’ – সিনেমাপ্রেমীদের যখন সামনে আসে, তখন নিঃসন্দেহে চোখে ভাসে অভিনেতা হিউ জ্যাকম্যানের চেহারা। এই বিখ্যাত অস্ট্রেলিয়ান অভিনেতা এবার ভক্তদের কাছে হাজির হয়েছেনে নতুন সংবাদ হয়ে। সেটি হলো প্রায় তিন দশকের সংসার জীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি।
সেলিব্রিটি ম্যাগাজিন পিপল জানায়, অস্ট্রেলিয়ান দম্পতি হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস বিয়ের ২৭ বছর পর আলাদা হওয়ার কথা জানিয়েছেন।
সিদ্ধান্তের কথা জানিয়ে এক বিবৃতিতে দম্পতি বলেন, ‘আমরা একটি চমৎকার, প্রেমময় দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রী হিসেবে প্রায় তিন দশক এক সঙ্গে ভাগ করে নিতে পেরে ধন্য হয়েছি। আমাদের যাত্রা এখন স্থানান্তরিত হচ্ছে এবং আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তারা বলেন, ‘পরিবার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল ও সব সময় থাকবে। আমরা আমাদের এ পরবর্তী অধ্যায়টি কৃতজ্ঞতা, ভালোবাসা ও উদারতার সঙ্গে গ্রহণ করেছি।’
জ্যাকম্যান ও ফার্নেসের প্রথম দেখা হয় ১৯৯৫ সালে টেলিভিশন সিরিজ ‘কোরেলি’-এর সেটে। এর পরের বছরই বিয়ে করেন তারা। চলতি বছরের এপ্রিলে তারা ২৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেন।
তখন স্ত্রী ফার্নেসকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে জ্যাকম্যান লিখেছিলেন, ‘তোমাকে ভালোবাসি ডেব। আজ আমাদের ২৭তম বিবাহবার্ষিকী। আমরা একসঙ্গে একটি সুন্দর পরিবার তৈরি করেছি।’
এই দম্পতির দুই সন্তান। তাদের একজন অস্কার ম্যাক্সিমিলিয়ানের বয়স ২৩, অপরজন আভা এলিয়টের বয়স ১৮ বছর।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে হিউ জ্যাকম্যানের কাছে জানতে চাওয়া– তাদের এই দীর্ঘ দাম্পত্যের রহস্য কী। জবাবে তিনি বলেছিলেন, ‘আমি মনে করি সততা, ঘনিষ্ঠতা এবং সময় তৈরি করা।’
এর আগে ২০১৭ সালে আরেক সাক্ষাৎকারে স্ত্রী ফার্নেসকে নিজের ‘সেরা বন্ধু’ অভিহিত করেন জ্যাকম্যান। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমর্থনের প্রধান উৎস হিসেবেও ফার্নেসকে আখ্যা দেন জ্যাকম্যান।
সূত্র : দ্য গার্ডিয়ান