প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৯ পিএম
বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম রোমানা মোর্শেদ কনক চাঁপা। অসংখ্য গান গেয়ে মানুষের মন জয় করেছেন তিনি। আজ ১১ সেপ্টেম্বর প্রথিতযশা এই কণ্ঠশিল্পীর জন্মদিন। ১৯৬৯ সালের এ দিনে জন্মগ্রহণ করেন তিনি।
রাত ১২টার পর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কনক চাঁপা। ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। সাধারণত জন্মদিন নিয়ে তেমন উচ্ছ্বাস প্রকাশ করেন না তিনি। কনক চাঁপা বর্তমানে আছেন দেশের বাইরে। যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কিছু অনুষ্ঠানে গান করবেন তিনি।
কনক চাঁপার বাবার নাম আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই-বোনের মধ্যে তৃতীয় তিনি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গানে কনক চাঁপা সমান পারদর্শী।
তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩৫টি একক অ্যালবাম।
গানের পাশাপাশি লেখক হিসেবেও কনক চাঁপার সুখ্যাতি রয়েছে। ২০১০ সালের অমর একুশে বইমেলায় ‘স্থবির যাযাবর’, ২০১২ সালের অমর একুশে বইমেলায় ‘মুখোমুখি যোদ্ধা’ এবং ২০১৬ সালের অমর একুশে বইমেলায় ‘মেঘের ডানায় চড়ে’ নামে তিনটি বই প্রকাশিত হয়েছে তার।
কনক চাঁপা বিখ্যাত কণ্ঠশীল্পি বশীর আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সংগীতসহ অন্যান্য ভারতীয় সংগীতের তালিম নিয়েছেন।
তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছেÑ অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোমাকে চাই শুধু তোমাকে চাই, ভাল আছি ভাল থেকো, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় (খালিদ হাসান মিলুর সঙ্গে), আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার, তোমায় দেখলে মনে হয়, আকাশ ছুঁয়েছে মাটিকে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, তুমি আমার এমনই একজনসহ অনেক গান।
গানের জন্য কনক চাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া তিনি বাচসাস চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কারসহ আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন।