× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ে ৫৪ বছর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫১ এএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৩ এএম

অভিনয়ে ৫৪ বছর

বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত করেছেন অভিনেত্রী ববিতা। চলচ্চিত্রে তার শুরুটা শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে জহির রায়হানের ‘সংসার’ সিনেমায়। দ্বিতীয় সিনেমা অর্থাৎ জহির রায়হান পরিচালিত ‘শেষ পর্যন্ত’ সিনেমাতেই তিনি নায়িকা হিসেবে নায়করাজ রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি ১৯৬৯ সালের ১৪ আগস্ট মুক্তি পায়। সে হিসেবে তিনি নায়িকা হিসেবে তার অভিনয় জীবনের ৫৪ বছর পেরিয়েও দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করছেন এখনও। বাংলাদেশের একজন নায়িকা হয়েও বিশ্ব অঙ্গনে তার খ্যাতি ও জনপ্রিয়তা বিবেচনা করে উইকিপিডিয়ায় লিপিবদ্ধ হয়েছে তার জীবনের নানান কথা। বাংলা, ইংরেজি, তামিল, কোরীয়, ওড়িয়া, পাঞ্জারি ও আরবি অর্থাৎ সাতটি ভাষায় ববিতার জীবনের নানান তথ্য প্রকাশ করেছে অনলাইনভিত্তিক এনসাইক্লোপিডিয়া ইউকিপিডিয়া।

বিষয়টি নিয়ে এ মুহূর্তে ভীষণ উচ্ছ্বসিত ববিতা। চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় জীবনের ৫৪ বছর পেরিয়ে জীবনের এই প্রাপ্তিকে অনেক বড় করেই দেখছেন তিনি। ববিতা তার অভিনয় জীবনের ৫৪ বছর পেরিয়ে যাদের প্রতি তিনি কৃতজ্ঞ এবং যাদের কথা বিশেষভাবে স্মরণ করেছেন তাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘শুরুতেই যার প্রতি কৃতজ্ঞ তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের গর্ব শ্রদ্ধেয় জহির রায়হান। তিনি অভিভাবক হিসেবে ছিলেন বলেই সিনেমায় কাজ করার সাহস পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। তার সঙ্গে যে নামটি আসে তিনি আমার বড় বোন সুচন্দা আপা। আর আমাদের দেশের প্রথিতযশা পরিচালক যেমন খান আতাউর রহমান, নারায়ণ ঘোষ মিতা, সুভাষ দত্ত, আমজাদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, কামাল আহমেদসহ আরও বেশ কয়েকজনের কথা বিশেষত বলতেই হয়। অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি নায়করাজ রাজ্জাক, আনোয়ার হোসেন, গোলাম মুস্তাফা, এটিএম শামসুজ্জামানের কথা। তাদের কাছ থেকে অভিনয় শিখে নিজেকে সমৃদ্ধ করেছি। অভিনয় জীবনে পথ চলতে গিয়ে বাড়ি-গাড়ির প্রতি কোনো লোভ ছিল না আমার। ভালো গল্পের সিনেমা বিনে পয়সায় করেছি আমি। দর্শকের ভালোবাসা পেয়েছি, হলে হলে হাততালি পেয়েছি, তাতেই অনুপ্রাণিত হয়েছি আমি। বড় বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উড়িয়েছি, এই প্রাপ্তি আমাকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। অবশ্যই কৃতজ্ঞ অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের প্রতিও। কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে, আমার পরিবারের কাছে।’ বাংলাদেশের সিনেমায় নায়িকাদের মধ্যে ফ্যাশন আইকন হিসেবে এখনও ববিতাকেই ফলো করেন নায়িকারা, এমনকি ভক্তরাও। বিষয়টি ববিতাকে দারুণভাবে পুলকিত করে। ববিতা সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন। তবে কিছুদিন আগে দুজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে তার। ববিতা বলেন, ‘কিছুদিন আগে দুয়েকজন নির্মাতার সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের গল্পই আমার কাছে বিবেচনায় রয়েছে। তাদের মধ্যে একজনের সিনেমার গল্প ভালো লেগেছে। তবে চূড়ান্ত না হলে তা বলা যাবে না।’ যদি তাই হয়, তাহলে আবারও ববিতার ফেরার মধ্য দিয়ে মুখরিত হবে চলচ্চিত্রাঙ্গন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা