× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের জন্য বিনা পারিশ্রমিকে গেয়েছিলেন সুমন: আসাদুজ্জামান নূর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১৮:৩৪ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ২০:১৯ পিএম

বাংলাদেশের জন্য বিনা পারিশ্রমিকে গেয়েছিলেন সুমন: আসাদুজ্জামান নূর

কবীর সুমনের কনসার্ট উপভোগ করতে এসেছেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিনি বিকেল ৪টার দিকে পা রাখেন। এসময় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। কবীর সুমনকে নিয়ে নিজের ভালোলাগা ও অভিজ্ঞতার কথা শোনালেন।

নূর বলেন, ‘কবীর সুমন সবসময়ই বাংলাদেশের প্রিয় মানুষ। তিনি প্রথম বাংলাদেশে এসেছিলেন যখন আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু করি। মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে ছুটে এসেছিলেন তিনি। বাংলাদেশকে ভালোবেসে সেসময় বিনা পারিশ্রমিকে গান করেছিলেন তিনি। সেসময় তার সে কি জনপ্রিয়তা! যারা বাংলা গান শুনতেন তাদের হৃদয়ে অন্য রকম এক বিপ্লব এনেছিলেন সুমন। তার গান, সুর ও গায়কী আজও মানুষকে মুগ্ধ করে।

দেখুন আজ এই কনসার্টে কত কত তরুণরা এসেছে। সুমন কিন্তু এ প্রজন্মের মানুষ বা গায়ক নন। কিন্তু তার গান এ প্রজন্মকেও প্রভাবিত করছে।’

কবীর সুমন নানা ঘটনা নিয়ে গান করে থাকেন। তিনি বাংলাদেশ নিয়েও গান করেছেন সেই প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, ‘কবীর সুমন একবার বাংলাদেশে এসেছে কবি সুফিয়া কামালকে নিয়ে গান করেছিলেন। পরে শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়েও তিনি গান করেছিলেন। এদেশের নানা বিষয় তিনি দেখেন, অবলোকন করেন এবং সেগুলো তার গানে তুলে ধরেন। তাকে এসব নিয়ে কখনো কিছু বলতে হয়নি।’

কবীর সুমনকে নিয়ে এই অভিনেতা ও সাংসদ আরও বলেন, ‘অনেকদিন পর তিনি আবার ঢাকায় গাইতে এসেছেন। সবাই অপেক্ষা করছে তিনি নতুন কিছু দিয়ে যাবেন। তিনি অবশ্য নতুন কিছুর ইঙ্গিত দিয়েছেনও। যেমন বাংলা খেয়াল। সাধারণত মনে করা হয় খেয়াল হলো হিন্দুস্থানি সংগীত। বিদেশি ভাষার ব্যাপার। হিন্দি বা উর্দু ভাষায় গাইতে হয়। কিন্তু কবীর সুমন বাংলা খেয়াল নিয়ে গবেষণা করেছেন, সাধনা করেছেন। আমাদের দেশের একজন সংগীতজ্ঞ, গুরু আজাদ রহমানও বাংলা খেয়াল নিয়ে কাজ করেছেন। এবার সুমন করছেন। তার খেয়াল পরিবেশনা একদমই নতুন কিছু হতে যাচ্ছে আমাদের জন্য।’

ঢাকায় ১৩ বছর পর গান গাইতে এলেন কবীর সুমন। তার এ আগমন ঘিরে গানপ্রিয় মানুষের মধ্যে বইছে উত্তেজনা। ১৫, ১৮ ও ২১ অক্টোবর গাইবেন সুমন। এরই মধ্যে তিন দিনের টিকিট বিক্রি হয়ে গেছে।

এ কনসার্ট হওয়ার কথা ছিল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। কিন্তু অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) - এর আপত্তিতে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। সেখানেই তিনদিন গাইবেন সুমন।

পূর্বেই নির্ধারিত ছিল ১৫ অক্টোবর বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট। নানা শংকা কাটিয়ে কবীর সুমনের গান শুনতে পারার আনন্দ নিয়ে দুপুর ৩ টা থেকেই আসতে শুরু করেন সুমনের অনুরাগীরা। নানা বয়সের দর্শকের আগমনে মুখরিত হয়ে উঠে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রাঙ্গণ। অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। মধ্যবয়সীদের আধিক্য দেখা গেলেও তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। 

কবীর সুমন ৫টায় মঞ্চে আসেন। সবার উদ্দেশ্যে ভালোবাসা জানিয়ে শুরু করেন গান। 


প্রবা/এলএ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা