প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৩ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১১ পিএম
‘পাঠান’ দিয়ে ঝড় তোলার পর আবারও পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুক্তি পাচ্ছে তার ‘জওয়ান’। এ ছবির জ্বরের প্রভাব দেখা যাচ্ছে সর্বত্র। বাংলাদেশের ভক্তরাও ‘জওয়ান’ উন্মাদনায় শামিল হচ্ছে। কারণ ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
বাংলাদেশি ভক্তরা ‘জওয়ান’- এর প্রথম শো দেখতে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে বুকিং দিয়েছে। ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ থেকে এই বুকিং করা হয়েছে। ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমে।
গ্রুপের এডমিন এবং বিশেষ শো’র অন্যতম আয়োজক মেহেদী হাসান জানান, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে একটি হল তারা ভাড়া করেছেন। সেখানেই মুক্তির প্রথম দিন ‘জওয়ান’র প্রথম শো দেখবেন তারা।
মেহেদী বলেন, ‘এই প্রথম বাংলাদেশি শাহরুখ ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য গোটা একটি থিয়েটার বুক করল। এর মাধ্যমে আমরা প্রিয় নায়ককে বার্তা দিতে চাই যে, বাংলাদেশে তার কত ভক্ত আছে। যদিও এখনও আমাদের দেশে মুক্তির তারিখ চূড়ান্ত নয়, কারণ সেন্সর হয়নি। তবে আমরা ব্লকবাস্টারের সঙ্গে এমনভাবে চুক্তি করেছি যে, যে দিনই মুক্তি পাবে, সে দিন প্রথম শো আমরাই দেখব।’
শুধু সিনেমা দেখাই নয়, ‘জওয়ান’ মুক্তিতে উদযাপনের আরও অনুষঙ্গ রাখছেন তারা। টি-শার্ট, কেক, ব্যানার ইত্যাদি নিয়ে আনন্দ-উল্লাস করবেন ভক্তরা। বিশেষ এই প্রদর্শনীতে শাহরুখ ভক্তদের সঙ্গে থাকবেন নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহসহ ঢাকাই শোবিজের একাধিক তারকা।

এ ছাড়া ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামের একটি গ্রুপ থেকেও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।
বাংলাদেশে ভক্তদের এমন উন্মাদনার খবর পৌঁছেছে খোদ শাহরুখ খানের কানেও। তাই টুইট করে বলেছেন, ‘বাংলাদেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ। আমি নিশ্চিত, তোমরা ছবিটা পছন্দ করবে।’
‘জওয়ান’ নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানের নায়িকা নয়নতারা। এ ছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি। তবে বাংলাদেশে এখনও এর সেন্সর ছাড়পত্রের খবর মেলেনি। শোনা যাচ্ছে, ৮ সেপ্টেম্বর এ দেশের প্রেক্ষাগৃহে উঠতে পারে ছবিটি।