প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৯ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৪ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান। সম্প্রতি তিনি জয়া আখতারের
‘দ্য আর্চিজ’ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন।
ইতোমধ্যেই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি
দেওয়া হবে। এর মধ্যেই সুহানা খানের বড় পর্দায় অভিষেকের খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, বড় পর্দায় সুহানা খানের অভিষেক ঘটতে যাচ্ছে।
সেখানে তিনি তার বাবা অভিনেতা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন
ভারতের বাঙালি নির্মাতা সুজয় ঘোষ। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে থ্রিলার গল্পে সিনেমাটি
নির্মাণ করা হবে সে বিষয়ে ইতোমধ্যেই নিশ্চিত করেছেন নির্মাতা ঘোষ।
সুজয় বলেন, ‘বিষয়টি গোপন ছিল। এখনও আমি সবকিছু খোলাসা করে বলতে পারব
না। আমাদের পরিকল্পনা ছিল, বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার কন্যা সুহানা খানকে নিয়ে
একটি সিনেমা নির্মাণ করার। যার গল্প ইতোমধ্যেই লেখা শুরু হয়েছে। ক্রাইম-থ্রিলার ধাঁচের
গল্প নিয়ে আমরা কাজ করছি। যেখানে তাদের দুজনের চরিত্রেই থাকবে সারপ্রাইজ। কাজটি খুব
দ্রুত শুরু হবে।’
সুজয় পরিচালিত সবশেষ সিনেমা ‘ব্লাইন্ড’। সিনেমাটি ৭ জুলাই ওটিটিতে
মুক্তি পেয়েছে। এ বছর সিনেমাটি মুক্তি পেলেও এর কাজ শুরু হয়েছিল ২০২০ সালে।
এদিকে জয়া আখতারের দ্য আর্চিজ ওয়েব ফিল্ম দিয়ে বি-টাউনে পা রাখতে
যাচ্ছেন শাহরুখকন্যা সুহানা। বলিউডের স্টার কিডদের দিয়ে নির্মিত এই সিরিজে সুহানাকে
দেখা যাবে প্রধান চরিত্রে। তিনি ছাড়াও অভিনয় করেছেন খুশি কাপুর, ভেদাং রায়না, মিহির
আহুঝা, আদিতি দত্ত, যুবরাজ মেন্ডা ও আগস্তা নন্দা।