বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২ ১১:৪০ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২২ ১১:৫২ এএম
চিত্রনায়ক আবির চৌধুরী শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা করেন। কাজ করেছেন মঞ্চেও। অভিনয়ে প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে পা রাখেন সিনেমায়। ২০১০ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘বাপ বড় না শ্বশুর বড়’ ও ২০১২ সালে আশরাফুর রহমান পরিচালিত ‘তুমি আসবে বলে’ সিনেমা দুটিতে কাজ করেন তিনি।
এরপর লম্বা বিরতি। ১০ বছর পর অ্যাকশন হিরো হয়ে ‘রাগী’ সিনেমায় দেখা দেবেন আবির চৌধুরী। চরিত্রের নাম রাজা। এ ছবিটি আজ দেশের ২৮টি হলে মুক্তি পেয়েছে। এ তথ্য জানিয়েছেন ছবির পরিচালক মিজানুর রহমান মিজান।
‘রাগী’ ছবিতে আবিরের দুই নায়িকা আঁচল আঁখি ও মৌমিতা মৌ। আরেক নায়িকা অ্যাকশন লেডি মুনমুন থাকছেন এ সিনেমার চমক হিসেবে। যাকে প্রথমবারের মতো দেখা যাবে খলচরিত্রে।
পরিচালক মিজান বলেন, ‘প্রথম সপ্তাহে আমরা ২৮ হলে ছবিটি নিয়ে আসছি। আশা করি সামনের সপ্তাহে আরও হল বাড়বে।’
ছবির নায়ক আবির চৌধুরী বলেন, ‘আজ আমরা বিভিন্ন হলে দর্শকের সঙ্গে ছবিটি দেখব। আমি ছাড়াও ‘রাগী’র টিম উপস্থিত থাকবে। আজ বিকাল ৩টায় ‘মধুমিতা’, ৪টা ৩০ মিনিটে ‘চিত্রামহল’, সন্ধ্যা ৬টায় ‘নিউ গুলশান’, ৭টা ৩০ মিনিটে ‘গীত’ এবং রাত ৮টা ৩০ মিনিটে ‘আনন্দ’ হলে থাকব আমরা।’
যেসব হলে ‘রাগী’ মুক্তি পেয়েছে—মধুমিতা (মতিঝিল, ঢাকা), চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা), বিজিবি অডিটরিয়াম (হাজারীবাগ, ঢাকা), আনন্দ (ফার্মগেট, ঢাকা), গীত (যাত্রাবাড়ী, ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা, ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর, নারায়ণগঞ্জ), সেনা অডিটরিয়াম (নবীনগর, সাভার), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), শাপলা (রংপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), চিত্রালী (খুলনা), বিজিবি অডিটরিয়াম (সিলেট), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া (নাগরপুর, টাঙ্গাইল), মনিকা (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর, নাটোর), তামান্না (সৈয়দপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), দুলাল (ফেনী), অভিরুচি (বরিশাল), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), স্বপ্বপুরী (শ্রীনগর, মুন্সীগঞ্জ)।
প্রবা/এলএ/জেও