প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৪:৫১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৫:১৫ পিএম
দেশের ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার ভুয়া সংবাদ প্রকাশিত হওয়ায় বিব্রত তিনি। আজ ৩০ আগস্ট সকাল থেকেই দেশের বেশকিছু গণমাধ্যমে জেবার ছবি দিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। সেখানে বলা হয় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সংবাদটিতে ব্যবহার করা হয় অভিনেতা জেবা জান্নাতের ছবি। যা দেখে হতবাক ও বিব্রত হয়েছেন জেবা।
এ বিষয়ে জেবা জান্নাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'সকাল থেকেই আমার কাছে পরিচিতরা কল দিচ্ছেন। জানতে চাচ্ছেন আসল ঘটনা কি। আমিসহ আমার পরিবারের সবাই সংবাদটি শুনে বিব্রত হয়েছি। বেশকিছু গণমাধ্যমে জেবা চৌধুরীর জায়গায় আমার ছবি ব্যবহার করেছে। দেশের প্রথম সারির কিছু গণমাধ্যমও আছে তালিকায়। আমি খুবই আহত হয়েছি এই অপেশাদারীত্ব দেখে। আমাদের গণমাধ্যমের আরো দায়িত্বশীল হওয়া উচিৎ বলে মনে করি।'
প্রসঙ্গত, অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনিও একজন অভিনেত্রী। গতকাল মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। এ ছাড়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০২২ সালে ভুক্তভোগী রানা নামে একজনের কাছ থেকে একটি চুক্তিপত্রের মাধ্যমে ৭ লাখ টাকা নেন জেবা। এরপর তাকে গাড়ি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তিনি তা বুঝিয়ে দেননি।
পরে ২০২২ সালের ৮ মে ভুক্তভোগী রানা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর আসামি গ্রেপ্তার হন। এরপর জামিনে গিয়ে পলাতক হন। এ বছর ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।