প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১২:২৭ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৩:৪৪ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খান ‘পাঠান’ ঝড়ের পর আবারও আসছেন নতুন চমক নিয়ে। দক্ষিণ ভারতের নির্মাতা অ্যাটলির পরিচালনায় তিনি অভিনয় করেছেন ‘জওয়ান’ নামের সিনেমায়। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি। এরই মধ্যে সিনেমাটির লুক, টিজার ও একটি গান প্রকাশ হয়েছে। সেগুলো নিয়ে হইচই তো চলছেই।
এবার আসতে চলেছে ছবির রোমান্টিক গান, যার এক ঝলক প্রকাশ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক প্রকাশ করেছেন শাহরুখ নিজেই। সেখানে আঁচ করা গেল পুরো গানটির অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন দর্শক।
রোমান্সের জন্য শাহরুখ খানের খ্যাতি নতুন করে বলার কিছু নেই। এবার তার রোমান্সের সঙ্গী দক্ষিণ ভারতের সুপারস্টার নায়িকা নয়নতারা। গানটির ছোট টিজারে দেখা গেল দুই বাহু খুলে ‘সিগনেচার পোজ’-এ হাজির ‘বলিউডের কিং অব রোমান্স’ শাহরুখ।
ছবির টিজারে অ্যাকশন প্যাক অবতারে দেখা মিলেছিল শাহরুখের, যা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছিলেন দর্শক। এরপর ছবির প্রথম গান ‘জিন্দা বন্দা’ প্রকাশ হয়। সেটি খুব একটা দাগ কাটতে পারেনি। সেই সময় অনেকেরই দাবি ছিল প্রথম গান হিসেবে অরিজিত সিংয়ের গানটি মুক্তি পাওয়া উচিত ছিল। অবশেষে ‘জওয়ান’-এ অরিজিতের গাওয়া রোমান্টিক গান আসতে চলল। আজই এটি প্রকাশ হবে। এর শিরোনাম ‘চলেয়া’।
এই গানেও সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচনদের। গানটি কোরিওগ্রাফ করেছেন ফারহা খান। শাহরুখের কথায়, ‘জওয়ানের ভালোবাসা গান এটি… রোমান্টিক, খুব ধীরস্থির। সোমবার মুক্তি পাবে। অনিরুদ্ধ ম্যাজিক্যাল। ফারহাকে সব সময় ভালোবাসি। আর অরিজিৎ… তোমার কণ্ঠ আমাকে আবারও ভালোবাসতে শেখায়। শিল্পার কণ্ঠ তো ঐশ্বরিক। আর কুমারের লেখনী বরাবরের মতো অসাধারণ।’
গানের কথায় উঠে এসেছে চিরন্তন ভালোবাসার আখ্যান। অরিজিতকে বলতে শোনা গেল, ‘ইশক মে দিল বানা হ্যায়… ইশক মে দিল ফনহা হ্যায়…’। অর্থাৎ যে ভালোবাসা হৃদয় তৈরি করে, সেই ভালোবাসাতেই হৃদয় বিলীন হয়ে যায়। এই গানের তামিল ও তেলেগু ভার্সনের শিরোনাম, ‘চালোনা’ এবং ‘হায়োডা’।
একটা সময় শাহরুখের লিপে গান মানেই ছিল অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠ। আর ধীরে ধীরে শাহরুখের কণ্ঠ হিসেবে সংগীত পরিচালকদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছেন অরিজিৎ সিং। একের পর এক চার্টবাস্টার গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়ে চলেছে এই জুটি। ‘জালিমা’, ‘গেরুয়া’ থেকে শুরু করে হালফিলে ‘ঝুমে জো পাঠান’, শাহরুখের লিপে একাধিক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন অরিজিৎ। আর ‘জওয়ান’ ছবিতে এই জুটি উপহার দিতে চলেছে ‘চলেয়া’। সঙ্গে গায়িকা শিল্পা, যার কণ্ঠে পর্দায় রোমান্টিক হয়ে আসবেন নয়নতারা।