প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১০:৫০ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১১:০০ এএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান করে হয়েছেন নন্দিত। অডিও এবং সিনেমা; দুটি ক্ষেত্রেই আছে তার শ্রোতাপ্রিয় গান। এবার তিনি হাজির হলেন বন্ধুত্বের গান নিয়ে।
বন্ধু দিবস উপলক্ষে এটি প্রকাশ হচ্ছে। এতে শফিক তুহিনের সুরে কণ্ঠ দিয়েছেন গুণী নজরুলসংগীতশিল্পী লুৎফুন নাহার পাখী।
‘স্বপ্ন সাজাই’ শিরোনামে গানটি প্রকাশিত হচ্ছে ম্যাক্স এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন, সুরকার ও গায়িকার একাডেমিক ব্যাচমেট ও ঘনিষ্ঠ বন্ধু কবি সালমা সুলতানা।
গানটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
গানটি নিয়ে শফিক তুহিন বলেন, ‘অনেক দিন পর নতুন গান তৈরি করা হলো। এ গানটি আমার কাছে স্পেশাল। কারণ এখানে আমার দুই বন্ধুর অংশগ্রহণ আছে। একজন গানটি লিখেছেন, অন্যজন গেয়েছেন। বন্ধুত্বের গান নিয়ে তিন বন্ধু এক হয়েছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করছি।’