বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ১৫:০৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২২ ১৫:২০ পিএম
ভারতীয় ফুটবল ইতিহাসে অন্যতম নাম সৈয়দ আব্দুল রহিম। ফুটবল আঙিনায় তিনি এশিয়ারও গর্ব। ১৯৫০ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত তার মৃত্যু অবধি ভারতীয় ফুটবল জাতীয় দলের ম্যানেজার ও প্রশিক্ষক ছিলেন। তাকে আধুনিক ভারতীয় ফুটবলের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভালো অনুপ্রেরক ছিলেন এবং কোচ হিসেবে তার কার্যকালকে ভারতের ফুটবলের স্বর্ণযুগ বলে বিবেচনা করা হয়।
১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রথম কোনো এশীয় দেশ হিসেবে ভারত এই স্থান অর্জন করে। তার জীবনী বড় পর্দায় তুলে ধরা হচ্ছে ‘ময়দান’ নামের ছবিতে। এই ছবিতে সৈয়দ আব্দুলের চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা অজয় দেবগন।
অবশেষে ঠিক হয়ে গেল ছবিটির মুক্তির দিনক্ষণ। আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অজয়ের নতুন এই ছবি।
পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মা অনেকেরই প্রিয়, বিশেষত ‘বধাই হো’ ছবির পর থেকে। আবারও তার পরিচালিত ছবি দেখার অপেক্ষায় দর্শক। এই ‘ময়দান’ ছবিতে অজয় ছাড়াও দর্শক দেখবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষকে।
কিছু দিন আগে পোষ্য কুকুর কোকোকে হারিয়েছেন অজয়। ফলে মন বেশ ভারাক্রান্ত। তারই মধ্যে আগামী ছবি ‘থ্যাঙ্ক গড’-এর মুক্তি নিয়ে বেশ হতাশ। তবে ‘ময়দান’ নিয়ে বেশ উত্তেজিত তিনি। ফুটবলার সৈয়দ আব্দুল রহিমের চরিত্রটি তাকে সবার কাছে সম্মানিত করবে বলে প্রত্যাশা করছেন তিনি।
প্রবা/টিএম/এলএ/টিই