প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১২:৪৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৫:২৬ পিএম
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি মনে করা হয় অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজলকে। এই জুটির নিশা দেবগন ও যুগ দেবগন নামে দুটি সন্তানও রয়েছে। প্রেমে, সুখে বেশ ভালোই আছেন তারা এমনটাই জানে সবাই। হুট করে সেই সংসারে ভাঙনের গুঞ্জন উঠেছে, যা বেশ চমকে দিয়েছে দুই তারকার ভক্তদের। বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমের গুঞ্জন নিয়েই এখন চলছে হইচই।
সম্প্রতি খবর রটেছে কাজল তার দুই সন্তান নিয়ে আলাদা বাসায় থাকছেন, যেখানে অজয়ের প্রবেশ নিষেধ। কাজল নাকি বাচ্চাদের সঙ্গে অজয়ের দেখাও করতে দেন না। আনুষ্ঠানিকভাবে দুজনের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া না গেলেও বলিউডভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি, বেশকিছু সমস্যার কারণে অজয়কে ডিভোর্স দিতে চাইছেন কাজল।
ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়, অজয় একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ ছাড়া তার অ্যালকোহল ও জুয়া খেলার প্রতিও দুর্বলতা রয়েছে, যে বিষয়গুলো কাজলের একেবারেই অপছন্দ। এসব বিষয় থেকে অজয়কে সরে আসার জন্য বারবার অনুরোধ করেছেন কাজল। ইমেজ ও সন্তানদের দোহাইও দিয়েছেন। কিন্তু অজয় তার বদভ্যাস ত্যাগ করতে পারছেন না। তাই অজয়ের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার অঞ্জলি।
এর আগেও ২০২০ সালে এই দম্পতির সংসার ভাঙার গুঞ্জন ওঠে। সে সময় বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়। সে সময় গুঞ্জন ছড়ায়, ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’ সিনেমার পর ‘তেজ’ ও ‘রাস্কেলস’ ছবিতেও নাকি কঙ্গনাকে নিতে পরিচালকদের জোর করতে শুরু করেন অজয়। তখন কঙ্গনার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে চলে এলে ক্ষেপে যান কাজল। তবে বেশ পাকা হাতে সেই সংকট মোকাবিলা করেছিলেন অজয়। বাঁচিয়েছিলেন দাম্পত্যও। তবে এবারের গুঞ্জন শেষ পর্যন্ত কোনদিকে যাবে সেটা বলা মুশকিল।
এদিকে এই গুঞ্জনের ভিত্তি কতটুকু সে নিয়েও আছে সন্দেহ। ভারতের গণমাধ্যমগুলোর সমালোচনা করে দুই তারকার ভক্তরা দাবি করছেন, অজয়-কাজলের সংসার ভাঙনের খবর মিথ্যে। দুই তারকাও অবশ্য এ নিয়ে চুপ করে আছেন। গুঞ্জন নিয়েও কোনো প্রতিবাদ করছেন না তারা।
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয় দেবগনের সঙ্গে কাজলের বিয়ে হয়। সিনেমায় কাজ করতে গিয়ে প্রেম। সেই প্রেম গড়ায় বিয়েতে। এ বছর তাদের বিয়ের দুই যুগ পার হয়েছে।