প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১২:৪৯ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১২:৫৫ পিএম
দেশবরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলম খান। পৃথিবীর মায়া কাটিয়ে তাঁর চিরপ্রস্থানের এক বছর পূর্ণ হলো আজ। গেল বছরের এই দিনে বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় আলম খানের। ফুসফুসে ক্যানসারসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই সংগীতজ্ঞ।
‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমি রজনিগন্ধা ফুলের মতো’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’সহ অসংখ্য কালজয়ী গানের সুরকার আলম খান।
১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে জন্ম আলম খানের। ১৯৭০ সালে আবদুল জব্বার খান পরিচালিত কাচ কাটা হীরে সিনেমার মাধ্যমে এককভাবে সংগীত পরিচালনা শুরু করেন আলম খান। তাঁর সুর করা প্রথম জনপ্রিয় গান স্লোগান চলচ্চিত্রের ‘তবলার তেড়ে কেটে তাক’।
১৯৮৫ সালে আলম খানের সুর করা তিন কন্যা সিনেমার ‘তিন কন্যা এক ছবি’ গান দিয়ে প্লেব্যাক শুরু করেন ভারতের নামকরা সংগীতশিল্পী কুমার শানু।
চলচ্চিত্রের গানে অবদানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও সুরকার বিভাগে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলম খান।
প্রয়াত কিংবদন্তি পপ তারকা আজম খান ভাই আলম খানের ভাই। আলম খানের ছেলে আরমান খানও দেশের সংগীতের জনপ্রিয় এক নাম।