প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১২:২২ পিএম
বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ বাণী কাপুর। এবার বাণী কাপুর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে লাগাতার শো করবেন। আর বাণীর সঙ্গী হচ্ছেন হৃতিক রোশন। তারা একই মঞ্চে উপস্থিত থেকে দর্শক মাতাবেন। এ বিষয়ে বাণী কাপুর বলেন, হৃতিক রোশনের সঙ্গে মঞ্চে আগুন লাগানোর জন্য আমি প্রস্তুত, কারণ দর্শক আমার ও হৃতিকের লাইভ পারফর্ম অনেক পছন্দ করেন।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাণী বলেন, ‘আমি ভারতের শিল্পী সম্প্রদায়ের একজন গর্বিত সদস্য, কারণ প্রতিনিয়ত আমি চেষ্টা করি বিশ্বের কাছে ভারতের সেরাটি তুলে ধরতে। তাই আমি সব সময় গ্লোবাল ট্যুর করার অপেক্ষায় থাকি যেখানে আমি আমাদের প্রিয় হিন্দি ছবি এবং এর মিউজিক সেই দর্শকদের কাছে নিয়ে যেতে পারি। আর এবারের যাত্রায় আমার সঙ্গে যুক্ত হচ্ছেন হৃতিক রোশন।’
বাণী আরও বলেন, ‘আমি সব সময়ই আমার চলচ্চিত্রের মাধ্যমে বা মঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দিতে পছন্দ করি। আমি সব সময় আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। সেটা হোক পর্দায় কিংবা মঞ্চে। আর তাই সারা বিশ্বেই সবার কাছে সব সময় ভালোবাসা পেয়ে আসছি। পাশাপাশি অভিনেত্রী-নৃত্যশিল্পী হিসেবে আমি নিজের পরিচয়ে অনেক গর্বিত।’
তিনি মনে করেন তার বিশ্বব্যাপী ভাইরাল হিট কন্টেন্টগুলো তাকে শ্রোতাদের খুব কাছে নিয়ে গেছে। কারণ তার অনেক গান ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে তাকে বিপুল পরিচিতি এনে দিয়েছে। আর যে কারণে তিনি এই আন্তর্জাতিক শোগুলোয় বেশি অংশগ্রহণ করে থাকেন। তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগে যখন শ্রোতারা তাদের আসন ছেড়ে স্টেজে এসে উন্মাদনা দেখাতে মরিয়া হয়ে ওঠেন।’
নিজের দক্ষতা জাহির প্রসঙ্গে বাণীর ভাষ্য, অভিনয়শিল্পীদের শুধু অভিনয়ে পারদর্শী হলেই চলে না, নাচেও সমান দক্ষ হতে হয়। কারণ বাণিজ্যিক সিনেমার অন্যতম উপাদান নাচ-গান। ‘আমি ভাগ্যবতী যে এমন একটা সিনেমা জগতে কাজ করছি, যেখানে নাচ-গান পর্দায় দারুণভাবে উদযাপন করা হয়,’ বলেন বাণী।
প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী বাণী কাপুর, যিনি ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘চণ্ডীগড় কারে আশিকি’ এবং ‘ওয়ার’ চলচ্চিত্রে ভূমিকার জন্য পরিচিত। অভিনয়ের পাশাপাশি একজন অভিনেত্রী হিসেবে তার কাজ ছাড়াও বাণী কাপুর স্বশিক্ষিত নৃত্যশিল্পী যিনি ‘ঘুংরু’, ‘নাশে সি চাঁদ গয়ি’, ‘উদে’র মতো গানগুলোর মাধ্যমে বলিউডের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করেছেন।