বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪২ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩২ পিএম
এশিয়ান ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে সাফল্য পেল ওটিটি প্ল্যাটফর্ম চরকির তিনটি কন্টেন্ট। এশিয়ার অন্যতম আলোচিত এই উৎসবের পুরস্কার ঘোষণা হয়েছে শুক্রবার (৩০ সেপ্টেম্বর)। এতে ন্যাশনাল উইনার বিভাগে বাংলাদেশ থেকে জাতীয় বিজয়ী হয়েছে চরকির প্রযোজনা ও এর নির্মাতা। তিনটি ক্যাটাগরি হলো সেরা ফিচার ফিল্ম-(খাঁচার ভিতর অচিন পাখি), সেরা ড্রামা সিরিজ-(জাগো বাহে) এবং সেরা পরিচালক-(তাওকীর শাইক, শাটিকাপ)।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে লেখেন, 'এ রকম একটা খবর কীভাবে দিতে হয় তা জানি না ! বাংলাদেশে কন্টেন্ট ইন্ড্রাস্ট্রির জন্য একটা বড় সাফল্য ! এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে ন্যাশনাল উইনার অ্যানাউন্সমেন্ট করল শুক্রবার ! বাংলাদেশ থেকে বিজয়ী হয়েছে চরকির তিনটি কাজ। তিন ক্যাটাগরিতে সেরা ফিচার ফিল্ম হয়েছে খাঁচার ভিতর অচিন পাখি। সেরা ড্রামা সিরিজ জাগো বাহে। সেরা পরিচালক তাওকীর শাইক, শাটিকাপ। সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা।’
জানা গেছে, একই ক্যাটাগরিতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি হটস্টার, ক্যানাল+ এর মতো প্ল্যাটফর্মের ছবি ও সিরিজ রয়েছে। ১৬টি দেশের অংশগ্রহণে ডিসেম্বরে সিঙ্গাপুরে চূড়ান্ত বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রবা/এসএস/এলএ /এমআই