প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১২:৩৬ পিএম
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মা হওয়ার পর থেকে নতুন কোনো কাজে তাকে আর দেখা যায়নি। অনেকদিন ধরেই অভিনয়ে অনিয়মিত তিশাকে সর্বশেষ একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। এবার তিনি সরব হলেন সিনেমার প্রচারণায়। ঈদে আসতে চলেছে তার নতুন সিনেমা ‘রক্তজবা’। কথা ছিল সিনেমাটি প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান সেই সিদ্ধান্ত বদলে ফেলেছে। এটি নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
এই সিনেমার শুটিং করেই মাতৃত্বকালীন বিরতিতে গিয়েছিলেন তিশা। তাই সিনেমাটি নিয়ে বাড়তি আবেগ রয়েছে অভিনেত্রীর। তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং করেছি আমার মেয়ে ইলহামকে গর্ভে নিয়ে। এটি অন্যরকম আবেগ। সিনেমার গল্পটিতেও নানারকম আবেগ আছে, যা দর্শকের মন ছুঁয়ে যাবে। আমি এই সিনেমা নিয়ে আশাবাদী।’
সিনেমাটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। নিজের নতুন সিনেমা নিয়ে তিশা বলেন, ‘রক্তজবা সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে এটা আমার জন্য আনন্দের। এই এ সিনেমার টিমকে অভিনন্দন জানাই। আশা করি আমাদের শ্রম সার্থক হবে দর্শকের প্রশংসায়।’
এ সময় সিনেমায় নিজের চরিত্র ও গল্প নিয়ে তিশা বলেন, ‘এমন চরিত্রে এর আগেও আমি অভিনয় করেছি। নতুন তিশাকে এখানে দেখার তেমন কিছু নেই। কারণ মা হওয়ার পর আমি এখনও নতুন কোনো কাজ করিনি। তাই এই সিনেমায় পুরোনো তিশাকেই দেখবে দর্শক। তবে একটু তো সারপ্রাইজ দর্শকদের জন্য রেখে দিতে হয়। তাই চরিত্রের নাম এখনই বলতে চাচ্ছি না।’
সিনেমার গল্পে একটি চিঠিকে কেন্দ্র করে গড়ে উঠেছে । একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি আসে। ওই চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতীত ও চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচন হতে থাকে নানা রহস্য।
এই সিনেমা দিয়ে শরিফুল রাজের সঙ্গে প্রথম কাজ করেন তিশা। রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি আরও বলনে, “রাজের সঙ্গে এটি আমার প্রথম কাজ। সহকর্মী হিসেবে তিনি দারুণ। শুটিং সেটে রাজ খুবই সিরিয়াস একজন অভিনেতা। এ ছাড়া তার অভিনয়ের প্রতি অসম্ভব ভালোবাসা রয়েছে। কাজের প্রতি তার একাগ্রতা দেখে আমি মুগ্ধ হয়েছি। এ ছাড়া সিনেমাটিতে গুরত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ভাই। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। তার অভিনয় নিয়ে আমার বলার কিছু নেই। অসাধারণ গুণী একজন অভিনেতা তিনি। দুজনের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করি দর্শকদের ‘রক্তজবা’ পছন্দ হবে।”
‘রক্তজবা’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা নিয়ামুল মুক্তা। এটি তার দ্বিতীয় সিনেমা। তার নির্মিত প্রথম সিনেমা ‘কাঠবিড়ালি’।
নিজের নতুন সিনেমা নিয়ে বেশ আশাবাদী নির্মাতা। তিনি বলেন, “রক্তজবা সিনেমাটি আমার নির্মিত দ্বিতীয় সিনেমা। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। সবার অক্লান্ত পরিশ্রমে কাজটি সম্পন্ন করতে সফল হয়েছি আমরা। এবার মুক্তির পালা। আশা করি দর্শকদের কাছে সিনেমাটি ভালো লাগবে। এই সিনেমার জন্য তিশা, রাজ ও জর্জ ভাই অসম্ভব পরিশ্রম করেছেন। তারা অভিনয়ের দিক থেকে আমাকে সহযোগিতা না করলে কাজটি করতে আমাদের কষ্ট হয়ে যেত। সবার সহযোগিতায় ‘রক্তজবা’ এখন মুক্তির অপেক্ষায়।”
তিশা-রাজ ছাড়াও ‘রক্তজবা’ সিনেমায় অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবীশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, অপু প্রমুখ।
এদিকে নুসরাত ইমরোজ তিশাকে সর্বশেষ দেখা গেছে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমায়। সরকারি অনুদানের সিনেমাটি মুক্তি পায় ৩ ফেব্রুয়ারি, ভাষার মাসে। সিনেমাটিতে তিশার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। সমালোচকদের কাছে পেয়েছে প্রশংসা। তবে এখন অপেক্ষা বিরতি কাটিয়ে তিশা নতুন কাজে ফিরবেন বলে। তিশা বলেন, ‘নতুন কাজে ফিরব অবশ্যই। তবে কবে ফিরব সে বিষয়ে এখনই বলতে পাড়ছি না। আমাদের মেয়ে এখন ছোট। পুরোটা সময় আমি তার জন্য রেখেছি। যখন দেখব যেÑ নাহ, সে আমাকে ছাড়া দিনের বড় একটি সময় থাকতে পারে, তখনই কাজে ফিরব। এটা পাঁচ বছরও হতে পারে। আমার কাছে মেয়ে সবার আগে, তার পর কাজ। তাই আপাতত তাকে নিয়ে ব্যস্ত থাকাই আমার প্রধান দায়িত্ব।’
নিজের ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে তিশা বলেন, “যারা আমার কাজ পছন্দ করেন তাদের বলব ‘রক্তজবা’ দেখুন।”