প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৪:৩৪ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ১৫:২৭ পিএম
এবার বাংলার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শামস সুমন এবং ওপার বাংলার নন্দিত সংগীতশিল্পী শুভমিতা ব্যানার্জি দ্বিতীয়বারের মতো দ্বৈতগান গেয়েছেন। গানটি ২৫ জুন ঘুড্ডি নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে। শামস সুমন এমনটাই জানান। তাদের দুজনের নতুন মৌলিক গানটির শিরোনাম ‘এই হাতে হাত রাখো’।
গানটি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। রোমান্টিক ঘরানার এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
শামস সুমন বলেন, ‘এর আগেও শুভমিতা দিদির সঙ্গে একটি দ্বৈতগান গেয়েছিলাম। গানটির জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করি এ গানটির জন্যও ভালো সাড়া পাব। কারণ গানটির কথা এক কথায় অসাধারণ। সুরটা মন ছুঁয়ে যাওয়ার মতো। সৈকত অনেক দৃষ্টিনন্দন একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। আর শুভমিতা দিদি যে কতটা অসাধারণ গান গেয়ে থাকেন, তা তার ভক্ত-শ্রোতারা ভালো করেই জানেন। এ গানে তার কণ্ঠের মাধুর্যতা শ্রোতাদের মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’
শুভমিতা বলেন, ‘পবিত্র ঈদ উপলক্ষে আমার এবং সুমন ভাইয়ের নতুন দ্বৈত মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। হাতে আর মাত্র এক দিন। সাধারণত শ্রীজাতের কথা এবং ইন্দ্রদ্বীপের সুরের সমন্বয়ে যারা গান শুনে থাকেন, তারা ভালো করেই জানেন কতটা ভালো হয় গান। এ গানটি গেয়েও আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর মিষ্টি একটি প্রেমের গান। গানটির রেকর্ড থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটাই আসলে আমার কাছে ভালো লেগেছে। তাই আবারও অনুরোধ করছি গানটি প্রকাশের পর যেন শ্রোতারা আগ্রহ নিয়ে শোনেন। কারণ সত্যিই গানটি এক কথায় দারুণ হয়েছে। আমি ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’
এর আগে শুভমিতার সঙ্গে শামস সুমনের প্রথম গান ছিল ‘চলো মোরা হারিয়ে যাই’। গানটির লেখক ও সুরকার শামস সুমন নিজেই। মিউজিক করেছিলেন আরাফাত বসনিয়া।